ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

হজ পালনে সৌদি আরব গেলেন খালেদা

প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

সৌদি বাদশার আমন্ত্রণে হজ করতে সৌদি আরব গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেল সাড়ে ৫টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন বিএনপি চেয়ারপারসন।

খালেদার সফরসঙ্গী হিসেবে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনাম আহমদ চৌধুরী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগমও সঙ্গে গেছেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন তিনি। পরে বিকেল ৩টা ৫০ মিনিটে বিমানবন্দর এলাকায় পৌঁছলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নিতাই রায়, ডা. এজেড এম জাহিদ হোসেন, সাংঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদ প্রমুখ। এছাড়া বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে হজ পালন শেষে বিএনপি চেয়ারপারসন কবে দেশে ফিরবেন এবং তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে হজ পালন করবেন কিনা সে বিষয়ে দলটির পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

এমএম/জেএইচ/আরআইপি

আরও পড়ুন