‘মুক্ত খালেদাকে নিয়েই নির্বাচন করবে বিএনপি’
বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে আমরা সর্বশেষ সময় পর্যন্ত আশাবাদী।
নির্বাচন কমিশন সচিবের কাছে চারটি বিষয় অবহিত করে চিঠি দেয়ার পর বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আলাল বলেন, ‘মনোনয়ন বাতিলের আপিলের শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। আমরা বলেছি এটা ৮ ডিসেম্বর পর্যন্ত না নিয়ে ৬-৭ তারিখের মধ্যে শেষ করা হোক। অতিদ্রুত শেষ করলে প্রার্থীদের জন্য মঙ্গল হবে। কারণ ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।’
তিনি বলেন, ‘গ্রেফতার ও হয়রানি এখনও চলছে। বাম্পার ফলন যেভাবে হয়, সেভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও গ্রেফতারের বাম্পার ফলন শুরু হয়েছে। গতকালও একজন মহিলা কমিশনারসহ ও কয়েকজন প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়িতে সশস্ত্র হামলা হয়েছে। সেটিও অবহিত করেছি এবং এ গ্রেফতার বাণিজ্য বন্ধে নির্বাচন কমিশনকে দ্রুত এবং জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য বলেছি।’
আলাল বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে নিবন্ধিত আটটি দল ছিল। পরবর্তীতে সেখানে ১১টি দল হয়েছে। এরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। সে সম্পর্কিত একটি চিঠি ওনাদেরকে আমরা আগেই দিয়েছিলাম। সেই চিঠি পুনরায় দিয়ে মনে করিয়ে দিয়েছি।’
এ পর্যন্ত যতগুলো চিঠি দিয়েছেন তার কতগুলোর প্রতিকার পেয়েছেন বা আপনারা নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যাবো কোথায়? আমাদের তো এখানেই আসতে হবে। সেজন্যই আসা।’
এইচএস/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি