উলফাতকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় তারা বিক্ষোভ করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মো. নুরুজ্জামান সরদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভকারীরা অবিলম্বে ইশতিয়াক আজিজ উলফাতের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান।
এর আগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইশতিয়াক আজিজ উলফাতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ভোর রাতে তাকে গ্রেফতারের পর শাহবাগ থানায় নেয়া হয়।
কেএইচ/এএইচ/পিআর