ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

১৮ অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১২:২৫ এএম, ০৬ অক্টোবর ২০২৩

আগামী ১৮ অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে সমাবেশ, মিছিল ও অনশন রয়েছে। এরমধ্যে ১৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করা হবে। এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে দলটি।

রোডমার্চ শেষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রামে এক সমাবেশে এ কর্মসূচি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরমধ্যে খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসার জন্য ৯ অক্টোবর সারাদেশে সমাবেশ ও মিছিল হবে। এরপর ১২ অক্টোবর একদফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে অনশন, ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ, এরপর ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ হবে।

আরও পড়ুন: দিল্লি কি বলে দিয়েছে জোর করেই নির্বাচন ঘোষণা করে দাও

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ এখন আর কিছু চায় না। মানুষ চায় শেখ হাসিনার পতন। অনেক কথা বলেছি, বুঝাপড়া করেছি, অনেক রোডমার্চ করেছি, সমাবেশ করেছি, এবার শেষ রোডমার্চ হলো চট্টগ্রামে। এরপর আর রোডমার্চ নাই। এরপরে সব ঢাকায়, রাজধানীতে।

তিনি আরও বলেন, সামনে দুর্গাপূজা। এসময় আমরা কঠোর কর্মসূচি দিচ্ছি না। শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যেতে চাই। ১৮ অক্টোবরের পর দুর্গাপূজা। এ সময়ের মধ্যে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা পদত্যাগ করেন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা তুলে দেন। অন্যথায় জনতাই সেই ক্ষমতা দখল করবে।

আরও পড়ুন: তলে তলে ষড়যন্ত্র হয়, আপস নয়: কাদেরকে রিজভী

বিএনপি মহাসচিব বলেন, অহিংস আন্দোলন করছি। যদি আমাদের ওপর কোনো আক্রমণ করা হয়, অশান্তি করা হয়, অন্যায়ভাবে হয়রানি কিংবা গ্রেফতার করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আঘাত প্রত্যাখ্যান করা হবে। প্রতিরোধ গড়ে তোলা হবে। ওই প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশের মানুষের বিজয়ের সূচনা হবে।

পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা রাষ্ট্রের পুলিশ বাহিনীকে, আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, আপনারা আর অন্যায় হুকুমের মধ্যদিয়ে গুলি করবেন না। অত্যাচার করবেন না। নির্যাতন করবেন না। মিথ্যা গায়েবি মামলা দেবেন না। মানুষ জেগে ওঠেছে।

এমডিআইএইচ/জেডএইচ/