ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

রাষ্ট্রধর্ম ইসলাম বহাল : সরকারের প্রতি হেফাজতের কৃতজ্ঞতা

প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৮ মার্চ ২০১৬

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল চেয়ে করা ২৮ বছর আগের রিট আবেদন খারিজ হওয়ার পর সরকাররের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কওমী মাদরাসা ভিত্তিক ইসলামী আন্দোলনের সংগঠন হেফাজতে ইসলাম। সেই সঙ্গে আদালতকেও ধন্যবাদ জানায় দলটি।

সোমবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল সংক্রান্ত রিট আবেদন ও রুল খারিজ করে দেন। আদালতের এই রায়ের পর সুপ্রিমকোর্ট অঙ্গনে তাৎক্ষণিক  প্রতিক্রিয়ায় এসব কথা বলেন হেফাজতের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম কাশেমী।

রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ হওয়াকে ইসলাম ধর্মের বিজয় বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ৯৮ শতাংশ লোক ইসলাম ধর্মের অনুসারী। এমন দেশে ইসলামকে রাষ্ট্রধর্ম না রাখা অবাঞ্চনীয়। কোনো অপশক্তি পারবে না ইসলামকে প্রতিহত করতে। আদালত ন্যায়বিচার করেছেন। আদালত মুসলমানদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে রিট খারিজের যে রায় দিয়েছেন, এতে আমাদের বাংলাদেশে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম ধর্মের বিজয় হয়েছে।’

এসময় রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে যারা আন্দোলনে ছিলেন ও যারা সমর্থন করেছেন তাদেরও ধন্যবাদ জানিয়ে হেফাজতের এই নেতা বলেন, ‘আদালতের মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সম্মান দেখানো হয়েছে। একইসঙ্গে মিডিয়া এবং সকল মুসলিমকে ধন্যবাদ যারা এই আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন।’

তবে এই রায়ের পর সব ধর্মের লোক মিলেমিশে থাকবে এমন প্রত্যাশাও ব্যক্ত করে ফজলুল করিম কাশেমী বলেন, ‘আজকের রায়ের পর পূর্বের মতো সকল সহিংস পথ পরিহার করে আমরা সামাজিক ও পারিবারিকভাবে সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করবো বলে প্রত্যাশা করছি।

এফএইচ/এসকেডি/পিআর