ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

‘দেশে লুটেরাদের রাজত্ব চলছে’

প্রকাশিত: ০৯:৩১ এএম, ৩০ মার্চ ২০১৬

দেশে এখন লুটেরাদের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির উদ্যোগে সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরাই গণতন্ত্র পুনরুদ্ধার করবো’ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার ৪৫ এ প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর আমাদের প্রাপ্তির খাতায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, বেড রুমে সাগর-রুনি হত্যা হয়েছে, কুমিল্লায় মেধাবী ছাত্রী তনুকে ধর্ষণ করে হত্যা করেছে আর সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে।

খন্দকার মোশাররফ বলেন, যে সরকার রাজকোষ রক্ষা করতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কোনভাবেই ব্যাংকের অসৎ কিছু কর্মকর্তার যোগসাজশ ছাড়া রাজকোষ খালি করতে কেউ পারে না। এ ব্যাপারে আমরা আমাদের আইটি সেক্টরের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি।

তিনি আরো বলেন, দেশে এখন লুটেরাদের রাজত্ব চলছে। তারা বিনা ভোটে এমপি থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে গদিতে বসতে চায়। বাংলাদেশের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা কখনো দেখিনি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হতে। এই সরকার সেই তকমাও জাতিকে দেখালো।

তিনি আরো বলেন, যেই মুহুর্তে আমরা প্রাপ্তি ও প্রত্যাশার কথা বলছি ঠিক সেই মুহুর্তে দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত মহাসচিব যখন ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন ঠিক সেই মুহূর্তে তাকে আবারো কারাগারে পাঠিয়ে দেয়া হলো। দেশের সর্ববৃহৎ দলের মহাসচিবকে এভাবে কারাগারে রেখে সরকার কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে না। গণতন্ত্র পুনরুদ্ধারের আজকের এই আলোচনা সভায় ঐক্যবদ্ধভাবে দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
 
এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজা সভাপতির বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। পুনরায় গণতন্ত্র পুনরুদ্ধার করবো আমরা ইনশাআল্লাহ।
 
তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার জাতির সাথে তামাশা শুরু করেছে। তারা ডিজিটাল সরকারের নামে রাষ্ট্রীয় কোষাগার খালি করে ফেলেছে। দেশে গুম-খুন-হত্যা আর লুটপাট ছাড়া কিছুই উপহার দিতে পারিনি। এই ভোটারবিহীন সরকার যত বেশি থাকবে সাধারণ মানুষের বারোটা তত দ্রুত বেজে যাবে।

তিনি সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সভায় ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ দল বিএনপির নব মনোনীত  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজার সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় সভায়  বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদুজ্জামান ফরহাদ, ডিএলএ’র মহাসচিব সাইফুদ্দিন মনি, এনডিপির প্রেসিডিয়াম সদস্য ক্বারী আবু তাহের।

বিএনপির নির্বাহী সদস্য রফিক সিকদার, এনডিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, শামসুল আলম, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব বাবু স্বপন কুমার সাহা, জিনাফ’র সভাপতি লায়ন মিয়া মোঃ আনোয়ার, বাস্তুহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু মাস্টার।

সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী, সাবেক ছাত্রনেতা কাজী মনিরুজ্জামান মনির, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন। স্বাগত বক্তব্য রাখেন এনডিপির আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল বাশার। উপস্থিত ছিলেন এনডিপির নেত্রী এড. সায়মা খান, দেওয়ান দিলরুবা, জান্নাতুল ফেরদৌসসহ প্রমুখ।

এমএম/এসকেডি/এবিএস