জনবিচ্ছিন্ন বিএনপি নতুন ষড়যন্ত্র করছে : আমু
জনবিচ্ছিন্ন বিএনপি নানা কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে আসতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।বৃহস্পতিবার রাজধারীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও গণ অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আন্দোলনের নামে হরতাল-অবরোধ দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া মানুষ পুড়িয়ে গণহত্যা চালিয়েছিল। এখন জনবিচ্ছিন্ন বিএনপি আবারো নানা কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে আসতে চাইছে এবং জনগণের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
এসব ষড়যন্ত্র মোকাবেলায় সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শিল্প সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। সম্প্রতি বাংলাদেশ বিশ্ব ব্যাংকের মূল্যায়নে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি আরো বলেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশের সমুদ্রসীমায় বিদ্যমান সম্পদ সঠিকভাবে ব্যবহার করা গেলে বাংলাদেশ শুধু মধ্যম আয়ের নয়, বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে।
আমু বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি সে সময় জেলা পর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের জন্য আলাদা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। পাশাপাশি কম্পিউটার আমদানির ওপর সব ধরণের শুল্ক ও কর তুলে নিয়েছিলেন তিনি। এর ফলে দেশে তথ্য-প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ জনবল তৈরির পথ প্রশস্ত হয়েছে।
শিল্পায়নের স্বার্থে ডিপ্লোমা প্রকৌশলীদের যৌক্তিক প্রস্তাবগুলো গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
আইডিইবি’র প্রেসিডেন্ট এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ূয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তব্য রাখেন।
এসআই/আরএস/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নাগরিক ভোগান্তি কমাতে ইশরাক হোসেনের ১০ দিনের কর্মসূচি
- ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা
- ৩ দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির
- ৪ রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ড. আব্দুল মান্নান
- ৫ প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি