ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

দাবি মেনে ইবতেদায়ি শিক্ষকদের ক্লাসে ফেরানোর আহ্বান চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে ক্লাসে ফেরানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও দাবি জানান।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আদর্শ দেশ ও জাতি গড়ার কারিগর অধিকার বঞ্চিত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলা, নির্যাতনের ঘটনা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। আওয়ামী ফ্যাসিবাদীরা পালিয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল যেভাবে নারী শিক্ষক ও বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের ওপর হামলে পড়ে যে নির্যাতন চালিয়েছে, তা দেশবাসীকে হতবাক করেছে। একটি সভ্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে হামলা ও নির্যাতন করতে পারে না।

তিনি বলেন, ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে এই জুলুমের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা জন দাবিতে পরিণত হয়েছে। আগামী দিনে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারকে সতর্ক হতে হবে।

মুফতি রেজাউল করীম বলেন, ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদরাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করার পরও তাদের যৌক্তিক সমস্যা সমাধান না করা দুঃখজনক। অতীতের সরকারগুলো এগুলো সমাধান না করে অকুণ্ঠ দুর্নীতিতে নিয়োজিত থেকে নিজেদের আঙুল ফুলে বটগাছ হয়েছে।

তিনি আন্দোলনরত এবতেদায়ি শিক্ষকদের ন্যায়সংগত দাবি বাস্তবায়ন করে ক্লাসরুমে ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

এএএম/ইএ/এএসএম