মেয়াদোত্তীর্ণ ভিসা, পর্যটকদের ফেরাতে কঠোর হচ্ছে মালয়েশিয়া
সংসদ অধিবেশনে পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাদোক তিয়ং কিং সিং/ছবি-সংগৃহীত
মালয়েশিয়ায় নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী বিদেশি পর্যটকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাদোক তিয়ং কিং সিং।
তিনি বলেন, দেশে যত পর্যটক প্রবেশ করেন, প্রস্থানকারীর সংখ্যাও যেন সমান থাকে, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সোমবার (২ মার্চ) দেওয়ান নেগারা (উচ্চকক্ষ) অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
প্রশ্নটি উত্থাপন করেন সিনেটর হোসাইন ইসমাইল। তিনি প্রস্তাব দেন, যেসব পর্যটক নির্ধারিত সময় শেষে দেশ ত্যাগ করেন না, তাদের জন্য ভ্রমণ এজেন্টদেরও দায়বদ্ধ করা উচিত।
এর জবাবে মন্ত্রী বলেন, অনেক পর্যটক এজেন্টের মাধ্যমে এলেও অনেকে বিভিন্ন দেশ থেকে স্বতন্ত্র ভ্রমণকারী হিসেবে মালয়েশিয়ায় আসেন। ফলে সমস্যাটি বহুবার উত্থাপিত হয়েছে এবং এটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে সমাধান করতে হবে।
পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (মোটাক) চীনের দূতাবাসসহ কয়েকটি বিদেশি দূতাবাসকে ভিসার মেয়াদোত্তীর্ণ পর্যটকদের তালিকা দিতে অনুরোধ করেছে।
মন্ত্রী বলেন, দূতাবাসগুলো তদন্ত পরিচালনা করবে, অভিবাসন বিভাগ মেয়াদোত্তীর্ণ পর্যটকদের তালিকা প্রস্তুত করবে এবং মোটাক সংশ্লিষ্ট এজেন্টদের চিহ্নিত করবে, যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
এমআরএম/জেআইএম