ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

সংঘাতের ভিডিও ছড়ালে ৩ বছরের জেল, কুয়েত পুলিশের হুঁশিয়ারি

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ১১:১১ এএম, ০৩ মার্চ ২০২৬

কুয়েত প্রতিনিধি

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের ভিডিও অবৈধভাবে ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগে বেশ কয়েকজনকে শনাক্ত ও গ্রেফতার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২ মার্চ) দেশটির প্রভাবশালী গণমাধ্যম কুয়েত টাইমস ও আরব টাইমসসহ একাধিক সংবাদমাধ্যমে এই গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে।

কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে এমন একটি দল রয়েছে যারা অবৈধভাবে ঘটনাস্থলের ভিডিও ধারণ ও প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমত বিভ্রান্ত করেছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড নাগরিক ও প্রবাসীদের মধ্যে চরম ভীতি ছড়িয়েছে।

এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী সংগঠনের প্রতি সহানুভূতিশীল বা সমর্থনমূলক কনটেন্ট পোস্ট করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

কুয়েত পুলিশ জানিয়েছে, দেশটির সাইবার বিভাগ সোশ্যাল মিডিয়ায় সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের অপরাধে কুয়েতি আইনে ৩ বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে। বর্তমানে সকল অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কুয়েত প্রশাসন সবাইকে নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে:

নির্ভরযোগ্য সূত্র: তথ্য সংগ্রহের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা করতে বলা হয়েছে।

ভিডিও শেয়ারিং: সামাজিক মাধ্যমে কোনো ধরনের অযাচাইকৃত ভিডিও বা ক্লিপ শেয়ার অথবা পুনঃপ্রচার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ছবি তোলা নিষিদ্ধ: সংঘাতস্থলে ভিডিও ধারণ বা নিরাপত্তা বাহিনীর কাজের ছবি ও ভিডিও ছড়ানো নিষিদ্ধ করা হয়েছে, কারণ এতে নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হয়।

নিরাপত্তা বাহিনীর এই নির্দেশনাগুলো মানার মাধ্যমে কুয়েতের শান্তি রক্ষায় সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এমআরএম/জেআইএম