ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৯ মার্চ ২০২৬

কুয়েত প্রতিনিধি

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার প্রভাবে কুয়েতেও সতর্কতা জারি করা হয়েছে।

এই উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত প্রায় সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশিকে নিরাপদ স্থানে থাকা এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার কঠোর পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

রোববার (৮ মার্চ) স্থানীয় সময় দুপুরে কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাবের নেতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় কর্মীদের (সোশ্যাল অ্যাক্টিভিস্ট) সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল (জুম) মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এই আহ্বান জানান।

চলমান পরিস্থিতিতে সঠিক তথ্য তুলে ধরা এবং প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ সভার আয়োজন করা হয়।

সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আপনারা আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন। যুদ্ধের হামলার কোনো ছবি, ভিডিও বা লাইভ সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন না। কোনো ধরনের মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো থেকে কঠোরভাবে বিরত থাকুন।

সভায় প্রবাসীদের ফ্লাইট, ভিসা ও পাসপোর্টসহ বিভিন্ন সংকটকালীন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, দেশে আটকেপড়া প্রবাসীদের ছুটি ও ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে কুয়েত সরকারের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভার্চুয়াল এই সভায় আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ মনিরুজ্জামান (কাউন্সিলর ও দূতালয় প্রধান), মঈন উদ্দিন সরকার সুমন (সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েত), আ হ জুবেদ (সাধারণ সম্পাদক), আল আমিন রানা (সিনিয়র যুগ্ম সম্পাদক), সাদেক রিপন (সাংগঠনিক সম্পাদক), নাসরিন আক্তার মৌসুমী (মহিলা বিষয়ক সম্পাদিকা), এছাড়া বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মী ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন।

এমআরএম/জেআইএম