আজহারীকে মালয়েশিয়া ধর্মমন্ত্রীর বিশেষ উপহার
মালয়েশিয়ার ধর্মমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামি স্কলার মাওলানা মীজানুর রহমান আজহারী। এ সময় দেশটির ধর্মমন্ত্রী মাওলানা আজহারীকে ধর্ম মন্ত্রণালয় ভবনের একটি আর্টফ্রেম উপহার দেন।
শুক্রবার জুমার নামাজ আদায়ের পর মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুল কিফলি বিন হাসানের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে ধর্মীয় শিক্ষা, সমাজকল্যাণমূলক উদ্যোগ এবং মুসলিম সমাজের উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে হাসানাহ ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম, দাওয়াহ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ হয়। আলোচনায় মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ এবং সেগুলোর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়টিও উঠে আসে।
মতবিনিময় সভায় মাওলানা মীজানুর রহমান আজহারী হাসানাহ ফাউন্ডেশনের চলমান কার্যক্রম সম্পর্কে ধর্মমন্ত্রীকে অবহিত করেন।
তিনি জানান, ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়া, তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ফাউন্ডেশন বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগ পরিচালনা করছে।
ধর্মমন্ত্রী ড. জুল কিফলি বিন হাসান এই উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং ভবিষ্যতে ইসলামি শিক্ষা ও সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, জ্ঞানভিত্তিক ধর্মীয় শিক্ষা এবং ইতিবাচক সামাজিক উদ্যোগ মুসলিম সমাজকে আরও সুসংগঠিত ও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎ শেষে সৌজন্য স্মারক বিনিময় করা হয়। এ সময় মালয়েশিয়ার ধর্মমন্ত্রী মাওলানা মীজানুর রহমান আজহারীকে ধর্ম মন্ত্রণালয় ভবনের একটি আর্টফ্রেম উপহার দেন।
অন্যদিকে, হাসানাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্মমন্ত্রীকে একটি সম্মানসূচক উপহার প্রদান করেন মাওলানা মীজানুর রহমান আজহারী।
এ সাক্ষাৎকে উভয় পক্ষই সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা, গবেষণা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।
এমআরএম/এএসএম