বাংলাদেশের স্বাধীনতা দিবসে মিশরের প্রেসিডেন্টের শুভেচ্ছা
মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ এবং দেশটির প্রেসিডেন্টের ক্যাবিনেটের চেম্বারলেইন মোহাম্মদ ন্যাগম/ছবি-সংগৃহীত
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
বুধবার (২৫ শে মার্চ) কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত সামিনা নাজের সঙ্গে সাক্ষাৎ করে প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন দেশটির প্রেসিডেন্টের ক্যাবিনেটের চেম্বারলেইন মোহাম্মদ ন্যাগম।
তিনি রাষ্ট্রদূতের কার্যালয়ে এসে মিশরের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ মিশরের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রদত্ত এই সম্মান ও ব্যতিক্রমী সৌজন্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, মিশরের প্রেসিডেন্টের এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দেশের জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।

এই সৌজন্য সাক্ষাৎ দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমআরএম/জেআইএম