ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসী আটক

আহমাদুল কবির | প্রকাশিত: ০৭:১৪ এএম, ০২ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ার জোহর রাজ্যের সেনাই ও কুলাই এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার দুপুর ২টায় জনসাধারণের তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ‘অপস সেলেরা’, ‘অপস কুটিপ’, ‘অপস বেলাঞ্জা’ এবং ‘অপস সাপু’ নামে একাধিক সমন্বিত অভিযান পরিচালিত হয়। এতে জোহর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা সহায়তা দেয়।

জোহর ইমিগ্রেশনের পরিচালক মোহদ রুসদি মোহদ দারুস জানান, এই অভিযান একযোগে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চালানো হয়, যেখানে অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ বা তাদের সমাগমের অভিযোগ ছিল।

তিনি বলেন, মুদি দোকান, কার্পেটের দোকান, খাদ্য, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩৫ জন বিদেশিকে আটক করা হয়েছে, যারা বিভিন্ন ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে অভিযুক্ত।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকদের মধ্যে রয়েছেন ৭ জন ইন্দোনেশিয়ান, ৬ জন মিয়ানমারের, ৪ জন পাকিস্তানের, ৫ জন বাংলাদেশের, ২ জন নেপালের। এছাড়া ৭ জন ইন্দোনেশিয়ান নারী এবং ৪ জন মিয়ানমারের নারী। তাদের বয়স ১৯ থেকে ৫২ বছরের মধ্যে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে তাদের জোহর বাহরুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।

এমআইএইচএস/