ফজরের আজানের সময় সেহরি খেলে রোজা হবে?
ফজরের আজানের সময় সেহরি খেলে রোজা হবে? ছবি: পিক্সেলস
প্রশ্ন: ফজরের আজানের সময় সেহরি খেলে রোজা হবে?
উত্তর: রোজা শুদ্ধ হওয়ার জন্য রোজার নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকা অত্যাবশ্যক।
আল্লাহ তাআলা বলেন, আহার কর ও পান কর যতক্ষণ না সুবহে সাদিকের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ কর। (সুরা বাকারা: ১৮৭)
তাই সেহরি খাওয়া শেষ করতে হবে। সুবহে সাদিকের পরও যদি কেউ ইচ্ছাকৃত খায় বা পান করে, তাহলে রোজ হবে না।
আর ফজরের আজান সুবহে সাদিকের পর বা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরই দিতে হয়। আমাদের দেশের মসজিদগুলোতে রমজান মাসে সাধারণত সুবহে সাদিকের কয়েক মিনিট পর ফজরের আজান দেওয়া হয়।
সুতরাং যদি আপনার বাড়ির নিকটবর্তী মসজিদে নিয়ম অনুযায়ী সুবহে সাদিকের পর ফজরের আজান দেওয়া হয় আর আপনি ফজরের আজান শুরু হয়ে যাওয়ার পরও সেহরি খান, তাহলে আপনার ওই রোজা শুদ্ধ হবে না।
ভুল করে কখনও ফজরের আজানের সময় সেহরি খেয়ে থাকলে রমজানের পর ওই রোজাটির পরিবর্তে আরেকদিন রোজা রাখবেন অর্থাৎ কাজা আদায় করে নেবেন।
ওএফএফ/এসইউ