সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্ক হওয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর
শায়খ আহমাদুল্লাহ ছবি: ফেসবুক
সড়ক দুর্ঘটনা এড়াতে সরকার, বাস-মালিক, চালকসহ সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শনিবার (১৪ মার্চ) নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে খুলনা–মোংলা মহাসড়কে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করে এ আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ বলেন, যুদ্ধ কবলিত দেশ ছাড়া একসাথে একই পরিবারের ৯ জন সহ ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর ঘটে না। আমরা যখন রাস্তায় বের হই, যুদ্ধের ময়দানের মত জীবনের শঙ্কা নিয়েই বের হই। ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক, ট্রাফিক আইন উপেক্ষা আর ভাঙাচোরা রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ। সরকার, বাস-মালিক, চালক থেকে শুরু করে আমরা সবাই যদি সতর্ক না হই, ট্রাফিক আইন না মানি, সবাই যদি নিজেদের দায়িত্বটা পালন না করি, তবে এই রকম নির্মম মৃত্যু আমাদের নিয়মিত দেখে যেতে হবে।
সড়কে সুশাসন বিলাসিতা নয় বরং জীবনরক্ষার অপরিহার্য শর্ত উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, সড়কে যদি সুশাসন নিশ্চিত করা না যায়, তবে বিয়ের যাত্রা হোক কিংবা ঈদের আনন্দভ্রমণ, যে কোনো যাত্রাই মুহূর্তে শেষযাত্রায় পরিণত হতে পারে।
ওএফএফ