শনি ও সোমবার শিশুর নাম রাখা যাবে কি?
শনিবার ও সোমবার শিশুর নাম রাখা যাবে কি? ছবি: ফ্রিপিক
প্রশ্ন: অনেকে বলেন, শনিবার ও সোমবার শিশুর নাম রাখা ভালো নয়। তাদের এই ধারণা কি ঠিক? শিশুর নাম রাখার উত্তম দিন কোনটি?
উত্তর: শনিবার বা সোমবার নবজাতকের নাম রাখা যাবে। ইসলামে যে কোনো দিনেই বাচ্চার নাম রাখা জায়েজ। শনিবার ও সোমবার নবজাতকের নাম রাখলে অকল্যাণ হবে–এটা কুসংস্কার ছাড়া কিছু নয়।
শিশুর জন্মের সপ্তম দিন তার নাম রাখা মুস্তাহাব। আমর ইবনে শুয়াইব তার বাবা থেকে তার দাদা থেকে বর্ণনা করেন, মহানবী (সা.) শিশুর জন্মের সপ্তম দিন তার নামকরণ করার, চুল ফেলে দেওয়ার এবং আকিকা করার নির্দেশ দিয়েছেন। (সুনানে তিরমিজি)
কোনো শিশুর জন্ম যদি রোববার হয়, তাহলে পরবর্তী শনিবার তার নাম রাখা মুস্তাহাব। কোনো শিশুর জন্ম যদি মঙ্গলবার হয়, তাহলে পরবর্তী সোমবার তার নাম রাখা মুস্তাহাব।
তবে সপ্তম দিনের আগে এমন কি জন্মের পরপর যদি শিশুর নাম রাখা হয়, তাতেও কোনো দোষ নেই। মহানবী (সা.) নিজের ছেলে ইবরাহিমের নাম তার জন্মের প্রথম দিনই রেখেছিলেন। এ ছাড়া সপ্তম দিনের পরও যে কোনো দিন শিশুর নাম রাখা যায়।
শিশুর প্রতি বাবা-মায়ের একটি কর্তব্য হল তার সুন্দর অর্থবোধক নাম রাখা। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, বাবার ওপর সন্তানের অধিকার হচ্ছে, সে তার উত্তম নাম রাখবে, তাকে ভালো স্থানে রাখবে এবং তাকে উত্তম আদব শিক্ষা দেবে। (শুআবুল ঈমান লিল বাইহাকি)
তাই যে দিনই নাম রাখা হোক, সুন্দর অর্থবোধক নাম রাখার ব্যাপারে যেন অবহেলা করা না হয় সেদিকে লক্ষ রাখবেন। সুন্দর অর্থবোধক নাম শনিবার, সোমবারসহ যে দিনই রাখা হোক, তা শিশুর জন্য কল্যাণকর হবে, ইনশাআল্লাহ।
ওএফএফ