এক্স হ্যান্ডেল হ্যাক নিয়ে জুলকারনাইন সায়েরের পরামর্শ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (ট্যুইটার) হ্যান্ডেল হ্যাক করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। দলটির দাবি, এক্স হ্যান্ডেল নিয়ন্ত্রণে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমানের এক্স (ট্যুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়ায় কিছু পরামর্শ দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ১ ফেব্রুয়ারি ৩টা ৩৭ মিনিটে তিনি এক পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন।
নিজের ফেসবুক প্রোফাইলে জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘যদি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট অধিগ্রহণ করা হয়, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, যিনি আসল ব্যবহারকারী; তিনি যখন সেটা বুঝতে পারেন। তখন অবশ্যই অ্যাকাউন্ট উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্লাটফর্মের সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করেন। সেসব যোগাযোগের একটা ট্রেইল থাকে।’
তিনি লিখেছেন, ‘যদি যোগাযোগ না করেও অ্যাকাউন্ট ফেরত পেয়ে যান, তাহলে নিশ্চয়ই পূর্বের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেন। আর ভেরিফায়েড ফিচার থাকলে দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা। যখন নতুন পাসওয়ার্ড আপডেট করা হয়; তখন স্বাভাবিক ভাবেই মূল ব্যবহারকারী একটি অটোজেনারেটেড ই-মেইল এবং কিছু ক্ষেত্রে ওটিপি রিসিভ করেন।’
সায়ের লিখেছেন, ‘যিনি দাবি করছেন তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিলো এবং সেই ঘটনার যদি নির্দিষ্ট সময় জানা থাকে, তাহলে যখন তিনি অ্যাকাউন্টটি নিজ আয়ত্তে এনে পাসওয়ার্ড পরিবর্তন করলেন। তখন তার অবশ্যই একটি মেইল পাওয়ার কথা; যেখানে উল্লেখ করা থাকবে যে পাসওয়ার্ড আপডেট করা হয়েছে।’
সবশেষে তিনি লিখেছেন, ‘সেই ই-মেইলটা শেয়ার করলেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। ই-মেইলে টাইম স্ট্যাম্পও স্পষ্ট উল্লেখ করা থাকে। যাকে সন্দেহ করা হচ্ছে, তিনি নিজ ইনবক্স ব্লার করে কেবল ওই একটি ই-মেইলের বিস্তারিত ক্রিন রেকর্ড বা ভিডিও করে পাবলিকলি প্রকাশ করলেই তো হয়ে গেল!’
এসইউ