ভিডিও ENG
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

মাহবুব কবীর মিলনের পোস্ট

‘কত বছর না হলো দেশ স্বাধীন হবার!’

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৬ মার্চ ২০২৬

‘কত বছর না হলো দেশ স্বাধীন হবার!’ বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ২৬ মার্চ বেলা ১১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘বাসটি থামাবার জন্য আশেপাশের লোকজন আহাজারি আর চিৎকার করছিল। বাসের ভেতরের লোকজনের বাঁচার জন্য আর্তনাদ। বাঁচাবার কেউ নেই। নির্বাক হয়ে কয়েক সেকেন্ডের ভিডিওটা দেখছি। বাস পন্টুনের ওপর দিয়ে গভীর পানিতে তলিয়ে গেল।’

তিনি লিখেছেন, ‘এবার কল্পনা করছি বাসের ভেতর পানিতে ডুবে থাকা মানুষগুলো কী করতে পারে। সময় খুব বেশি হলে ১/২ মিনিট। সেটাও অনেক বেশি। মা তার বাচ্চাকে জানালার বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। স্বামী তার স্ত্রীকে, ছেলে তার মাকে। কিন্তু কেউ পারছে না। বাঁচার জন্য একজন আর একজনকে টেনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। না, অনেকেই পারল না। টাইম শেষ। নিথর হয়ে বাসের ভেতর ভেসে রইল।’

সাবেক এই অতিরিক্ত সচিব লিখেছেন, ‘বাসের ড্রাইভার ছিল না। বাসের ব্রেক কাজ করেনি। বাস হেল্পার চালাচ্ছিল। ড্রাইভার ঘুমের ঘোরে ছিল। নেশাখোর ছিল। পন্টুনে কোনো ব্যারিকেড থাকে না।’

তিনি আরও লিখেছেন, ‘বাড়ি বাড়ি মাতম চলছে। কয়দিন পরেই তা কেটে যাবে। আবার আর এক জায়গায় মাতম শুরু হবে। জন্মই যে দেশে আজন্ম পাপ। সেখানে এসব মৃত্যুর কোনো মূল্য নেই।’

সবশেষে মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। কত বছর না হলো দেশ স্বাধীন হবার!!’

এসইউ

আরও পড়ুন