অ্যাকশন নিয়ে গ্রিনের প্রশ্নে সামাজিক মাধ্যমে উসমানের ব্যঙ্গ
গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে রেকর্ড ৯০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সেই ম্যাচে উসমান তারিকের আউট হয়ে যেন মেনেই নিতে পারছিলেন না ক্যামেরন গ্রিন। মাঠ ছাড়ার সময় বারবার ইঙ্গিত করছিলেন, চাকিং করেছেন উসমান।
উসমানের বিপক্ষে এই অভিযোগ আগেও উঠেছে। তবে আগে কখনও কোনোপ্রকার আওয়াজ না করলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি। তার ইনস্টাগ্রাম স্টোরি দেখে পড়ে গেছে হাসির রোল।
ম্যাচশেষেও যখন উসমানের বোলিং অ্যাকশন আলোচনায় তখন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। সেই ভিডিওতে দেখা যায়, আউট হয়ে সাজঘর ফিরে যাওয়ার সময় গ্রিন যেভাবে হাত নাড়িয়ে চাকিংয়ের অভিযোগ করছিলেন সেভাবেই এক কিশোর অভিযোগের সুরে কাঁদো কাঁদো ভঙ্গিমায় কোনো কিছু নিয়ে অভিযোগ জানাচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আফটার গেটিং আউট।’
উসমানের ভক্তরা ইনস্টাগ্রামে তার এই ভিডিও পোস্ট দেখে বেশ হাসাহাসি করছেন। অনেকেই তার রসবোধের প্রশংসা করছেন। আবার অনেকে পুনরায় প্রশ্ন তুলছেন অ্যাকশন নিয়ে।
আইসিসির নিয়ম অনুযায়ী অবশ্য, হাতের কনুই ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। উসমান তারিকের বিরুদ্ধে অতীতে দুইবার চাকিংয়ের অভিযোগ উঠেছিল। নতুন করে ওঠা বিতর্ক কতদূর গড়ায়, তাই দেখার বিষয়।
আইএন