ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের খেলার পরিবেশ তুলনা করে যা বললেন রিশাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

সময়ের চাকা কত দ্রুত ঘোরে, তার জীবন্ত উদাহরণ রিশাদ হোসেন। একটা সময় দেশের ঘরোয়া লিগেই একাদশে জায়গা পেতে লড়াই করতে হতো যাকে, সেই তিনিই বিগব্যাশে পারফর্ম করেছেন ধারাবাহিকভাবে। প্রশংসা কুড়িয়েছেন সবার।

দেশে ফিরে অদম্য টি-টোয়েন্টি কাপে ধূমকেতু একাদশের হয়ে খেলছেন রিশাদ। গতকাল (বৃহস্পতিবার) দুরন্ত একাদশকে হারানোর পর নিজের ক্যারিয়ারের পেছনের কঠিন দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই লেগস্পিনার।

বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে পুরো টুর্নামেন্ট খেলেছেন রিশাদ। ১২ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। হোবার্টের সেরা বোলার ছিলেন তিনিই।

বিদেশের সেই হাই-প্রোফাইল কন্ডিশন আর পরিবেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘এগুলো সবাই জানে-ওদের সবই ভিন্ন লেভেলের। সেসব চিন্তা করলে আমাদের এত কিছু নেই। খেলার যে পরিবেশ, এটা ওদের চেয়ে আমাদের আরও উন্নত করা সম্ভব। আপাতত এতটুকুই, হোটেল থেকে শুরু করে সব কিছু। বলা কঠিন, একেক দলের একেক পরিবেশ। বাংলাদেশও খারাপ না।’

সেরা প্ল্যাটফর্মের অভিজ্ঞতা বিগ ব্যাশের মানকে বিশ্ব ক্রিকেটের অনন্য উচ্চতায় রাখছেন রিশাদ। কন্ডিশনের ভিন্নতা ও খেলার চ্যালেঞ্জ নিয়ে এই লেগি বলেন, ‘দুই কন্ডিশন ভিন্ন– বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। সবমিলিয়ে পরিবেশ থেকে শুরু করে খেলার মান সবই ভিন্ন পর্যায়ের। আমার মনে হয় এর চেয়ে বড় লেভেল আর নেই।’

এসকেডি/এমএমআর