ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

অদম্য টি-টোয়েন্টি কাপ

ফাঁকা গ্যালারি দেখে আক্ষেপ, ফাইনালের গ্যালারিতে দর্শক চান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপের মঞ্চে না থাকলেও খেলার মধ্যেই আছেন দেশের ৩৯ জন শীর্ষ ক্রিকেটার। বিসিবির বিশেষ উদ্যোগে আয়োজিত ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’ –এর শিরোপা নির্ধারণী ম্যাচ আগামীকাল সোমবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে লড়বে দুর্বার ও ধুমকেতু একাদশ। তবে টুর্নামেন্টজুড়ে মিরপুরের গ্যালারিতে দর্শকদের উপস্থিতির ঘাটতি নজরে পড়েছে ক্রিকেটারদের। ফাইনাল ম্যাচে গ্যালারিভর্তি দর্শক প্রত্যাশা করছেন ক্রিকেটাররা।

গতকাল দুরন্ত একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে দুর্বার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিসিবির এই উদ্যোগের প্রশংসা করেছেন দুর্বার একাদশের পেসার খালেদ আহমেদ। তিনি বলেন, ‘বিপিএলের পর যারা দলের বাইরে ছিলেন, তারা অনেকদিন খেলার সুযোগ পেতেন না। তাদের বসেই থাকতে হতো। তাই বিসিবির এই উদ্যোগটা অবশ্যই ভালো। আমি চাইব সামনেও যেন এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হয়।’
দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়ে খালেদ বলেন, ‘বাংলাদেশে ক্রিকেটের বিপুল দর্শক রয়েছে, সবাই আমাদের সমর্থন করেন। তাদের ধন্যবাদ জানাই। তবে ফাইনালে আমি চাইব মাঠ যেন দর্শকে ঠাসা থাকে।’

চুক্তি নিয়ে ভাবছেন না খালেদ। কেন্দ্রীয় চুক্তিতে নিজের বর্তমান অবস্থান (ডি ক্যাটাগরি) নিয়ে এক প্রশ্নের জবাবে খালেদ বলেন, ‘ক্যাটাগরি বা স্যালারি—এগুলো সম্পূর্ণ বোর্ডের হাতে। উনারা যেভাবে বিবেচনা করবেন, সেটাই হবে। আমার একমাত্র লক্ষ্য হলো জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা এবং ভালো ক্রিকেট খেলা। এসব চিন্তা করে আমি মাঠে নামি না।’

মাঠের উত্তেজনা বাড়াতে দর্শক প্রয়োজন এদিকে মাঠে দর্শকদের অভাববোধ করছেন অন্য ক্রিকেটাররাও। দুরন্ত একাদশের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইন বলেন, ‘অবশ্যই, গ্যালারি ভর্তি দর্শক থাকলে ম্যাচের উত্তেজনা আর রোমাঞ্চ অনেক গুণ বেড়ে যায়। আশা করছি সামনে দর্শক সংখ্যা বাড়বে।’

বিশ্বকাপের শূন্যতা কাটাতে ৩৯ জন ক্রিকেটার নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটবে কালকের ফাইনালের মধ্য দিয়ে। এখন দেখার বিষয়, ক্রিকেটারদের এই আহ্বানে সাড়া দিয়ে সোমবার মিরপুরের গ্যালারিতে দর্শকদের ঢল নামে কি না।

এসকেডি/আইএন