ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

মুখ্যমন্ত্রীকে ‘রানি’ বলে শাস্তির মুখে পাকিস্তানি পেসার নাশিম শাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৮ মার্চ ২০২৬

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের মুখে পড়েছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়েছে, যা পরে মুছে ফেললেও শেষ পর্যন্ত রেহাই পাননি এই ডানহাতি ফাস্ট বোলার।

পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, নাসিম শাহ তার কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং বোর্ডের মিডিয়া নীতিমালা লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নাসিমের জবাব পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

ঘটনার সূত্রপাত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচ ঘিরে। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ঘোষণা দেন, ‘পশ্চিম এশিয়ার সংকট এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দর্শকশূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন করা হবে।’ তবে বাস্তবে দেখা যায়, উদ্বোধনী ম্যাচে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

এদের মধ্যে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ, যিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাতিজি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনি নিরাপত্তা বহরের সঙ্গে প্রবেশ করেন এবং মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এই প্রেক্ষাপটে পিসিবির একটি পোস্ট শেয়ার করে নাসিম শাহ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মন্তব্য করেন- ‘লর্ডসে রানির মতো তাকে কেন সম্মান দেওয়া হচ্ছে?’ পোস্টটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্টে দাবি করা হয়, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং সেটি পুনরুদ্ধার করা হয়েছে।

তবে তার এ ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি পিসিবি। প্রায় ২৪ ঘণ্টা পর বোর্ড আনুষ্ঠানিকভাবে জানায়, নাসিম শাহ আচরণবিধি ভঙ্গ করেছেন। যদিও নির্দিষ্ট ধারা উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে পিসিবির আচরণবিধির ২.২৩ ধারার আওতায় এ অভিযোগ আনা হয়েছে। এ ধারায় বোর্ড, তার কর্মকর্তা, নীতি, আইসিসি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা বা অপ্রাসঙ্গিক মন্তব্য নিষিদ্ধ।

সম্প্রতি ক্রিকেটারদের রাজনৈতিক মন্তব্যের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে পিসিবি। গত বছর অলরাউন্ডার আমির জামালকে এক মিলিয়ন পাকিস্তানি রুপি (প্রায় ৪০০০ মার্কিন ডলার) জরিমানা করা হয়। তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সময় নিজের টুপিতে ‘৮০৪’ লিখে মাঠে নামেন, যা কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের বন্দি হয়ে থাকা রুমের নম্বর হিসেবে পরিচিত এবং তার সমর্থকদের মধ্যে একটি প্রতীকী স্লোগান হয়ে উঠেছে।

এদিকে চলমান পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন নাসিম শাহ। তার দল শনিবার পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। তবে মাঠের পারফরম্যান্সের আগে এই বিতর্কের কারণে তাকে একাদশেই রাখা হয়নি। মাঠে না নামতে পারলেও এখন নাসিম শাহকে ঘিরে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আইএইচএস/