ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ জিতেই দশম শ্রেণির পরীক্ষার টেবিলে সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে চ্যাম্পিয়ন করানোর পর এবার পড়ার টেবিলে ফিরতে হচ্ছে উদীয়মান তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী। ক্রিকেটের আলোঝলমলে জগৎ থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি অংশ নিতে যাচ্ছেন দশম শ্রেণির বোর্ড পরীক্ষায়।

সমস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নীল কিশোর জানিয়েছেন, ১৪ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করেছেন এবং আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নেবেন। তিনি আরও বলেন, বৈভবের জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং অন্য শিক্ষার্থীদের মতোই সমান সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অধ্যক্ষ বলেন, ‘এটি একটি একাডেমিক মাঠ, ক্রিকেটের মাঠ নয়। বৈভব একজন ছাত্র হিসেবেই পরীক্ষায় অংশ নেবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ থাকলেও পরীক্ষার পরিবেশ সবার জন্য একই থাকবে।’

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন এই বাঁ-হাতি ব্যাটার। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কার মার- যা টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই ইনিংসের ওপর ভর করেই ভারত ষষ্ঠবারের মতো শিরোপা জয় করে।

পুরো টুর্নামেন্টে সাত ম্যাচে ৪৩৯ রান করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন বৈভব। গড় ছিল ৬২.৭১ এবং স্ট্রাইক রেট ১৬৯.৪৯। একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরির পাশাপাশি টুর্নামেন্টে রেকর্ড ৩০টি ছক্কা হাঁকিয়ে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কার মালিক হন।

অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতেও ভারতের হয়ে তিনি সর্বোচ্চ রানসংগ্রাহক, ২৫ ইনিংসে ১,৪১২ রান করেছেন ৫৬.৪৮ গড়ে এবং ১৬৫-এর বেশি স্ট্রাইক রেটে। রয়েছে চারটি সেঞ্চুরি ও সাতটি অর্ধশতক।

২০২৪ সালের অক্টোবর থেকেই তার উত্থান শুরু। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করে ভারতের যুব টেস্ট ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড গড়েন।

এরপর আইপিএল ২০২৫- এর আগে মেগা নিলামে ১.১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস তাকে দলে নেয়, যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ে পরিণত করে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে তিনি সবচেয়ে কম বয়সী টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান হন এবং দ্রুততম আইপিএল ফিফটি করা প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েন।

আইপিএলে সাত ইনিংসে ২৫২ রান করেন তিনি, গড় ৩৬ এবং স্ট্রাইক রেট ২০৬.৫৫, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি।

দেশের ক্রিকেটেও তার ব্যাটিং ঝড় অব্যাহত রয়েছে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষে ৬১ বলে ১০৮ রান করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৮৪ বলে ১৯০ রান করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান এবং দ্বিতীয় দ্রুততম ভারতীয় সেঞ্চুরির রেকর্ড গড়েন।

আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে তার পারফরম্যান্সে ওঠানামা থাকলেও, ব্যাটে দিন এলে চার-ছক্কার বন্যায় ম্যাচের চেহারা বদলে দেওয়ার ক্ষমতা ইতোমধ্যেই প্রমাণ করেছেন বৈভব সূর্যবংশী। তবে বিশ্বকাপ জয়ের গৌরবের পর আপাতত তার লক্ষ্য—পরীক্ষার মাঠে ভালো করা এবং একজন সাধারণ শিক্ষার্থীর মতো জীবনযাপন করা।

আইএইচএস/