ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

৪ রানের রুদ্ধশ্বাস জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শেষ ওভারে দরকার ছিল ১১ রান। অন্তত একটা বাউন্ডারি হাঁকাতেই হতো শ্রীলঙ্কা ‘এ’ দলকে। ফাহিমা খাতুনের করা ওভারটিতে তারা দৌড়ে ৮ রান নিতে পারলেও বাউন্ডারি পায়নি। তাতেই রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশের নারীরা।

ব্যাংককে শ্রীলঙ্কা ‘এ দলকে ৪ রানে হারিয়ে নারী রাইজিং স্টার্স এশিয়া কাপ অভিযান শুরু করলো বাংলাদেশ ‘এ’। আগে ব্যাটিং করে ১১৫ রানে অলআউট হয় নারী দল। জবাবে ৩ রান দূরত্বে থামে লঙ্কান নারীদের ইনিংস। বাংলাদেশের পরের ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে সোমবার।

আগে ব্যাট করে বাংলাদেশের হয়ে ম্যাচের প্রথম বলে বাউন্ডারিতে শুরু করেন ইশমা তানজিম। শামীমা সুলতানা ঝড় তুলতে না পারলেও উইকেটে টিকে থাকেন। পাওয়ার প্লেতে ৪৮ রান তোলে বাংলাদেশ। শামীমা আউট হন ১৯ বলে ১৭ রান করে। পাওয়ার প্লে শেষে রানের গতিও থমকে যায়। ২৫ বলে ৩০ রান করে বিদায় নেন ইশমা।

২৭ বলে ২৯ রান করে শারমিন আউট হওয়ার পর ইনিংসে নামে ধস। অবিশ্বাস্যভাবে ১১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ।

রান তাড়ায় লঙ্কান অধিনায়ক আনুশকা সাঞ্জিভানিকে তৃতীয় ওভারেই ফিরিয়ে দেন ফেরান বাংলাদেশ অধিনায়ক ফাহিমা। সানজানা কাভিন্দিকে (১৭) বোল্ড করে দেন মেঘলা। এরপর তিনে নামা হানশিমা কারুনারাত্নে এক প্রান্ত আগলে রাখেন। তাকে যখন ২৬ রানে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা, লঙ্কানদের রান তখন ৫ উইকেটে ৬৫।

বল হাতে ৪ উইকেট নেওয়া সাঞ্চিনি নিসানসালা ব্যাট হাতেও লড়াই করেন। তাকে সঙ্গ দেন আমা কাঞ্চানা। নিজের স্পেলের শেষ দুই বলে কাঞ্চানা (২৩) ও মালশা সেহানিকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেঘলা।

শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন পড়ে ১১ রানের। অধিনায়ক ফাহিমা নিজেই দায়িত্ব নেন। কোনো বাউন্ডারি হজম না করে বাংলাদেশকে এনে দেন রোমাঞ্চকর জয়।

এসকেডি/এমএমআর