ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ইমনের ঝড়ের পর মোস্তাফিজের দুই উইকেটে লাহোরের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৪ এপ্রিল ২০২৬

বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারের ম্যাচে লাহোর কালান্দার্সের জার্সিতে একসঙ্গে জ্বলে উঠলেন দুই বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। ইমনের ৪৫ ও মোস্তাফিজের দুই শিকারে ১৮৬ রানের লক্ষ্য দিয়ে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স।

গতকাল শুক্রবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুলতান। তবে শুরুটা মোটের ভালো করতে পারেনি অ্যাস্টন টার্নারের দল। লাহোরের উদ্বোধনী জুটি হয় ৮৬ রানের। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ হোসেন ইমন ঝড় তোলের ব্যাটে।

ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশের ইমন। শুরু থেকেই মারতে থাকেন মুলতানের বোলারদের। একাই হাঁকান ৫ ছক্কা। চার মেরেছেন দুটি। ১৮ বলে ৪৫ রান করার পর মুহাম্মদ ইসমাইলের বলে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ নওয়াজকে। ১৯ বলের ইনিংসটি থেমে গেলে অল্পের জন্য মিস করেন ফিফটি। আরেক ওপেনার নাঈম করেন ২৮ বলে ৬০ রান। আব্দুল্লাহ শফিকের ব্যাটে আসে ৩৩ রান। ১৩ রানের ক্যামিও ইনিংস খেলেন সিকান্দার রাজা।

লক্ষ্য ডিফেন্ড করতে নেমে ৫০ রানে মুলতানের ৩ উইকেট তুলে নেয় লাহোর। মাত্র ১৩ ওভারে এই চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ার শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ৯ রান করা স্টিভেন স্মিথকে শাহিন শাহ আফ্রিদি সাজঘরে ফেরান দলীয় ১৭ রানে। উবাইদ শাহর বলে ১ রান করে জশ ফিলিপ ফিরলে ১৮ রান দ্বিতীয় উইকেট হারায় মুলতান। ফর্মে থাকা ওপেনার সাহিবজাদা ফারহান ২৪ রান করে মোস্তাফিজের প্রথম শিকারে পরিণত হলে ৩ উইকেটের পতন হয় ৫০ রানে। ১৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলা শান মাসুদকেও ফেরান মোস্তাফিজ লেগ বিফোরের ফাঁদে ফেলে। ১০০ রানে ৪ উইকেট হারায় মুলতান।

১১ বলে ২৫ রান করা আরাফাত মিনহাস সিকান্দার রাজার বলে ফিরলে ১৫৭ রানে পতন হয় ৫ উইকেটের। মুলতানের অধিনায়ক টার্নার ৫ ছক্কা ও দুই চারে ২২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকার পরও লাহোরের নিয়ন্ত্রিত বোলিংয়ে হারতে হয়েছে ২০ রানে। ১৬৫ রানের বেশি করতে পারেনি মুলতান।

আইএন