ঈশানের ঝড়েই পাকিস্তানের হার: হেসন
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান লড়াই মানেই যেন ভারতের জয়। বহু জল্পনা ও কল্পনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছে পাকিস্তান। মাঠের বাইরে বয়কটের হুমকি দিলেও মাঠের ক্রিকেটে হেরেছে ৬১ রানে।
কলম্বোতে ভারতের কাছে এই পরাজয়ের মূল কারণ হিসেবে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, কেবল টপ-অর্ডারের ধস নয়, ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে ইশান কিশানের পাল্টা আক্রমণাত্মক ইনিংস।
পাকিস্তানের কোচ মনে করেন, শুরুতে বল বেশ ঘুরছিল এবং ইশানের নির্ভীক ব্যাটিং পাকিস্তানের বোলারদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তিনি বলেন, ‘শুরুর দিকে বল বেশ স্পিন করছিল। যেভাবে ইশান কিশান খেলেছে, তাতে ম্যাচ আমাদের হাতছাড়া হয়ে যায়। সে নির্ভীকভাবে খেলেছে এবং মাঠের দুই পাশেই রান করতে পারে, যা পাওয়ারপ্লেতে স্পিনারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সে আমাদের বোলারদের মৌলিক পরিকল্পনা থেকে সরিয়ে দেয়।’
কিউই এই কোচ আরও জানান, তার বোলাররা পরিস্থিতি অনুযায়ী প্রায় ২৫ রান বেশি খরচ করে ফেলেছেন।
পাকিস্তানের কোচের মাঝে হতাশা আছে ব্যাটিং নিয়েও। তার ভাষায়, ‘ব্যাটিংয়ে আমরা নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগই দিইনি। তারা নতুন বলে ভালো বোলিং করেছে, আর আমরা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছি।’
ম্যাচের আগে উসমান তারিক ব্যতিক্রমী বোলিং অ্যাকশন নিয়ে বেশ আলোচনায় ছিলেন। কিন্তু ম্যাচে এই অফ-স্পিনারকে দশম ওভারের আগে বোলিং করানো হয়নি। দারুণ ব্যাটিং করতে থাকা কিশানের বিপক্ষেও ব্যবহার করা হয়নি। অবশ্য এ সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে হেসন বলেন, ‘উসমান তখনই সেরা, যখন ব্যাটাররা তাকে আক্রমণ করে। দলে তার নির্দিষ্ট ভূমিকা আছে। পাওয়ারপ্লের পরই কি তাকে আনা যেত? হ্যাঁ, যেত। আবরার ও শাদাবের একটি ওভার পরিকল্পনামতো হয়নি। কিন্তু আমি যেকোনো দিন তাদের ওপর আস্থা রাখব।’
ভারত-পাকিস্তান ম্যাচের চাপ দলকে ভোগায়, এ ধারণাও নাকচ করেন হেসন। তিনি বলেন, ‘এটা বড় ম্যাচ, পাকিস্তান বনাম ভারত। তবে আমরা টানা পাঁচটি ম্যাচ জিতে ভালো ক্রিকেট খেলেছি। আজ আমাদের হারার কারণ ম্যাচের চাপ নয়, বরং ক্রিকেটীয় দক্ষতায় ঘাটতি। আমরা হতাশ যে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’
তিনি আরও যোগ করেন, ‘এটি একটি টুর্নামেন্ট। টুর্নামেন্টে সব সময় সবকিছু আপনার পক্ষে যাবে না। আমাদের কাজ হলো ঘুরে দাঁড়ানো এবং দুই-তিন দিনের মধ্যে আবার ভালোভাবে প্রস্তুত হওয়া।’
এদিকে ভারতের সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল কিশানের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘যেভাবে সে ব্যাট করেছে, তা সহজ ছিল না, কারণ বল ঘুরছিল। ঘরোয়া ক্রিকেটের ফর্ম সে ধরে রেখেছে। আত্মবিশ্বাস যখন তুঙ্গে থাকে, তখন নিজের বা উইকেট নিয়ে বেশি ভাবতে হয় না।’
আইএন