‘আমরা যদি ছিটকে যাই তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় অর্থহীন’
এবারের বিশ্বকাপে হেভিওয়েট দলগুলোর মধ্যে বেশ বেকায়দায় রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার কাছে হারের পর গ্রুপে রয়েছে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ানরা। শ্রীলঙ্কা এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। জিম্বাবুয়ে খেলেছে ২ ম্যাচ। বাকি দুই ম্যাচের একটিতেও যদি জিতে যায়, কিংবা বৃষ্টির কারণে কোনো ম্যাচ পরিত্যাক্ত হলে জিম্বাবুয়েই উঠে যাবে সুপার এইটে। বিদায় নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার।
এমন পরিস্থিতিতে সুপার এইটে ওঠার সুবর্ণ সুযোগও যদি হারিয়ে ফেলে জিম্বাবুয়ে, তাহলে তারা যে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, সে বিষয়টা অর্থহীন হয়ে যাবে। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাও তেমনটা মনে করেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে সামান্য ভুল করলেও আগের সাফল্যের কোনো মূল্য থাকবে না।
আজই আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা জিম্বাবুয়ের। পাল্লেকেলেতে এই ম্যাচটি সময়মত শুরু হতে পারেনি। কারণ, বৃষ্টি। এই ম্যাচটি বৃষ্টিতে ভাসলে লাভ হবে জিম্বাবুয়ের। ক্ষতি হবে অস্ট্রেলিয়ার। বিদায় নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়ার।
মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সোমবারের প্রাক-ম্যাচ ব্রিফিংয়ে রাজা বলেন, ‘আমরা কখনোই বাস্তবতা থেকে দূরে যাইনি। এটা আমাদের যাত্রারই একটি অংশ এবং আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তার পথে এগোচ্ছি। এখন যদি কোনো ভুল করি, তাহলে আগের জয়গুলো কোনো কাজে আসবে না।’
প্রথম দুই ম্যাচ কলম্বোয় খেলার পর এবার ভেন্যু বদলে গেরো পাল্লেকেলেতে। দুটি মাঠের উইকেট ও কন্ডিশনের মধ্যে পার্থক্য থাকায় দল নির্বাচনের আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয় জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ম্যাচ একই উইকেটে হওয়ায় সেটি নিবিড়ভাবে দেখার কথাও জানিয়েছিলেন রাজা।
তিনি বলেন, ‘আজকের ম্যাচ দেখার পর আমার কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। উইকেটের আচরণ, উচ্চতা, বলের গতি- আগের অভিজ্ঞতা থেকে এসব বিষয় আমরা বিশ্লেষণ করছি।’
বর্তমানে জিম্বাবুয়ের সাফল্যের অন্যতম ভিত্তি তাদের পেস আক্রমণ। ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স- এই তিন পেসার মিলে প্রথম দুই ম্যাচেই নিয়েছেন ১৬টি উইকেট। রাজা জানান, এই কার্যকর সমন্বয় তৈরি করতে দলের প্রায় ১৮ মাস সময় লেগেছে এবং গত ৯ মাস ধরে একই কম্বিনেশন ধরে রাখা হয়েছে।
বিশেষ করে ব্র্যাড ইভান্সকে দলের জন্য বড় সংযোজন হিসেবে উল্লেখ করে রাজা বলেন, ‘সে ইনজুরি থেকে ফিরে তৃতীয় পেসার হিসেবে দারুণ পারফর্ম করছে। তার অবদান কথায় প্রকাশ করা কঠিন।’
রাজা আরও বলেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্ট শুধু জয়-পরাজয়ের বিষয় নয়, খেলোয়াড়দের জন্য এটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগও। ‘আইসিসি ইভেন্ট একজন খেলোয়াড়ের জীবন বদলে দিতে পারে- স্বীকৃতি, খ্যাতি, আর্থিক সুবিধা, সম্মান- সব দিক থেকেই। আমরা চাই নিজেদের ইতিহাস নতুন করে লিখতে।’
তবে টানা ম্যাচের কারণে খেলোয়াড়দের ওপর শারীরিক চাপ বাড়ছে। বিশ্রামের সময় কম হলেও জিম্বাবুয়ের লক্ষ্য একটাই- জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। বিশ্রামের দিন বাড়ানোর প্রসঙ্গে রাজার সংক্ষিপ্ত উত্তর, ‘আমরা শুধু জিততেই চাই।’
আইএইচএস/
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘একটু তো খারাপ লাগছেই’ বললেন বিসিএলেও উপেক্ষিত মাহফুজুর রাব্বি
- ২ ম্যারাডোনার যে রেকর্ড ভাঙতে পারবেন না মেসি-নেইমার-রোনালদো
- ৩ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিনুল হক
- ৪ আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি, অস্ট্রেলিয়ার মাথায় হাত
- ৫ ‘আমরা যদি ছিটকে যাই তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় অর্থহীন’