ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পারিশ্রমিক পেয়ে শরিফুল

‘গত আসরের পাওনা এখনো বাকি’

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ প্রিমিয়াম লিগের (বিপিএল) গত আসরে চট্টগ্রাম রয়্যালসের হয়ে মাঠ মাতানো শরিফুল ইসলাম আজ তার পারিশ্রমিকের পূর্ণ অর্থ হাতে পেয়েছেন। তবে এবারের আসরে বিসিবির অধীনে পেমেন্ট নিয়ে সন্তুষ্টি থাকলেও, গত আসরের পারিশ্রমিক এখনো বকেয়া রয়ে গেছে বলে জানিয়েছেন এই বাঁহাতি পেসার। বৃহস্পতিবার মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের হাত থেকে পাওনা বুঝে পাওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।

এবারের পারিশ্রমিক পাওয়ার অভিজ্ঞতা নিয়ে শরিফুল তিনি বলেন, ‘সত্যি বলতে এবার সবচেয়ে ভালো গেছে। এর আগে সুমন স্যারের (হাবিবুল বাশার) সাথে খুলনা টাইটান্সে যখন ছিলাম, তখন ভালো ছিল। এই দুইবারই পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি। কিন্তু গত বছরের, মানে এবারের আগের আসরের পেমেন্ট এখনো পাওনা রয়ে গেছে। সেই তুলনায় এবার আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে।’ গত আসরে শরিফুল খেলেছিলেন চিটাগং কিংসের হয়ে, যারা ফাইনালে উঠলেও মাঠের বাইরের এই আর্থিক জটিলতা এখনো কাটেনি।

বিপিএলে দলের সংখ্যা বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে শরিফুল নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করলেও গুণগত মানের ওপর জোর দিয়েছেন। তিনি চান বিপিএলে দলের সংখ্যা বাড়ুক, তবে তা যেন যথাযথ পেশাদার ফ্র্যাঞ্চাইজি হয়। উদাহরণ হিসেবে তিনি এবারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের কথা টেনে আনেন। শরিফুল বলেন, ‘আমরা তো চাই দল বাড়ুক। তবে রাজশাহী যেভাবে দল গড়েছে, এমন দল যেন হয়। ফ্র্যাঞ্চাইজিগুলো প্রফেশনাল হলে সবাই খেলতে আগ্রহী থাকবে।’

বিপিএলে নিয়মিত পারিশ্রমিক বকেয়া থাকা যেখানে একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল, সেখানে শরিফুলের এই বক্তব্য আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাঠামোগত দুর্বলতা। তবে এবারের চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নিজ কাঁধে নেওয়ায় শরিফুলের মতো ক্রিকেটাররা অন্তত এবারের পারিশ্রমিক নিয়ে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।

এসকেডি/আইএন