ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ থেকে ফিরেই ৫০ লাখ রুপি করে জরিমানা পাকিস্তানি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০২ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ২২ লাখ টাকা) করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দেশটির সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, দলের হতাশাজনক পারফরম্যান্সের পর বোর্ড কর্মকর্তারা চরম অসন্তোষ প্রকাশ করেন এবং আইসিসি টুর্নামেন্টে আরেকবার সেমিফাইনালে না উঠতে পারার জেরে এই বড় অঙ্কের জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় দলের কাছে হারের পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয় পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্নে বড় ধাক্কা দেয়। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সঙ্কীর্ণ জয় পেয়েছিল দলটি, তবে সেটি শেষ চারে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না।

টুর্নামেন্টের শেষটা জয় দিয়ে করলেও সামগ্রিক পারফরম্যান্সে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে হতাশার ছায়া।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ দলের ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুই বছরে একবার দেশের ক্রিকেটের উৎকর্ষ বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ আসে, আর আমরা আবারও ব্যর্থ হলাম। এটা অত্যন্ত হতাশাজনক।’

মিয়াঁদাদের মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট এখন অনেক বেশি পরিকল্পিত ও কৌশলনির্ভর; কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা অন্যান্য শীর্ষ দলের সঙ্গে তাল মেলাতে পারছেন না। বিশেষ করে উচ্চ র‌্যাংকিংধারী দলগুলোর বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতা উদ্বেগের বিষয় বলে মনে করেন তিনি। তার মতে, এখনই পিসিবিকে কিছু মৌলিক ও কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

সাবেক অধিনায়ক মোহাম্মদ বলেন, কিছু ক্রিকেটারকে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের প্রমাণের জন্য অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা বড় মঞ্চে বারবার ব্যর্থ হয়েছেন। তার ভাষায়, ‘এখন সময় এসেছে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার।’

আরেক সাবেক অধিনায়ক মইন খান স্পষ্ট করে বলে দিয়েছেন, শীর্ষ দলগুলোকে হারানোর সামর্থ্য না থাকলে কোনো আইসিসি টুর্নামেন্ট জেতা সম্ভব নয়।

তিনি বলেন, ‘মেজর টুর্নামেন্ট জিততে হলে সেরা দলগুলোকে হারানোর সক্ষমতা থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দল নির্বাচন ও মাঠের পারফরম্যান্স- দুই জায়গাতেই অনেক ভুল করেছি। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপে আমাদের মূল খেলোয়াড়রা জ্বলে উঠতে পারেননি।’

দলের সাবেক অধিনায়ক বাবর আজম, বর্তমান অধিনায়ক সালমান আলি আগা এবং সিনিয়র ক্রিকেটার শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ তীব্র সমালোচনার মুখে পড়েছেন। শোনা যাচ্ছে, দেশে ফেরার পর অধিনায়কত্ব ছাড়তে পারেন আগা।

এদিকে সাবেক কোচ সাকলায়েন মোস্তাকও সমালোচনার বাইরে নন। শাদাব খানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলে তিনি দায় চাপান প্রধান কোচ মাইক হেসনের ওপর- যা নিয়ে আরও বিতর্ক তৈরি হয়েছে।

আইএইচএস/