ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

অনিশ্চয়তায় ইরানের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০২ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে ইরানে। এর প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণও পড়েছে অনিশ্চয়তার মুখে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতিও অনিশ্চয়তা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান মেহদি তাজ হামলার পর ক্রীড়া সংবাদমাধ্যম ভারজেশ থ্রিকে, ‘এই হামলার পর আমরা বিশ্বকাপের দিকে আশাবাদ নিয়ে তাকাতে পারি, এমনটা আশা করা যায় না।’

শনিবারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চলতে থাকায় দেশটির ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ফিফা ‘পিস প্রাইজ’ জিতেছেন। তিনি গতকাল রোববার বলেন, ইরানে সংঘাত আরও চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে তিনি ধারণা করছেন।

তবে ফিফার মহাসচিব মাত্তিয়াস গ্রাফস্ট্রোম জানিয়েছেন, এ গ্রীষ্মের টুর্নামেন্টে যোগ্যতা অর্জনকারী সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার ওয়েলসের সাইম্রুতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘’আজ সকালে আপনাদের মতো আমিও খবর পড়েছি। আমাদের লক্ষ্য হলো সবার অংশগ্রহণে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা।’

গত বছরের ডিসেম্বরে ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া ইরানি প্রতিনিধিদের সব ভিসা আবেদন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অনুমোদন দেয়নি। এর জেরে ইরান অনুষ্ঠান বর্জনের হুমকি দিলে ফিফাকে মধ্যস্থতায় নামতে হয়।

ইরানের সূচি অনুযায়ী, তারা লস অ্যাঞ্জেলেসে প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের মুখোমুখি হবে। এরপর সিয়াটলে গিয়ে মিশরের বিপক্ষে খেলবে।

আইএন