দলে না থেকেও বিবেচনায় রিপন মণ্ডল, খেলবেন শেষ ম্যাচে!
কয়েকজন ক্রিকেটারের ছোটখাটো ও সুপ্ত ইনজুরি রয়েছে। তাই তাদের সর্বশেষ অবস্থা দেখে, বুঝে ও ভেবে তবেই নির্বাচন কর হবে দল। দিনকয়েক আগে নির্বাচকদের পক্ষ থেকে এমন বার্তাই দেওয়া হয়েছিল। সেই কারণে শেষ মুহূর্তে জানা গিয়েছিল, দল গঠন ও ঘোষণায় দুয়েকদিন দেরি হতে পারে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। গতকাল বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।
দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাখ্যাও দিয়েছেন। কেন মিডল অর্ডারের তিন ব্যাটার — নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারি দলে নেই। ইনজুরির কারণে পেসার তানজিম সাকিব দলে নেই। এ তথ্যও প্রধান নির্বাচকের বক্তব্যে এসেছে।
তবে ঘরের মাঠ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের তুলনামূলক মন্থর ও নিচু বাউন্সের পিচে চারজন পেসার রাখার বিষয়ে তেমন কোনো ব্যাখ্যা দেননি তিনি। দলে থাকা চার পেসারের মধ্যে তিনজন — নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম, এক্সপ্রেস গতির বোলার। তাদের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান। অর্থাৎ দলে রাখা হয়েছে চার পেসারকেই।
শেরেবাংলার উইকেটের পরিচিত চরিত্র বিবেচনায় তিন পেসার নিয়ে একাদশ সাজানো কতটা সম্ভব, এ নিয়েও প্রশ্ন রয়েছে। শীতকাল শেষ হওয়ায় উইকেটে তেমন ময়েশ্চার নেই। তবে সন্ধ্যার পর ম্যাচের শেষ দিকটায় শিশির পড়ার সম্ভাবনা থাকে। শিশির পড়লে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হয় এবং কার্যকারিতা কমে যায়। বিপরীতে ভেজা পিচে পেসারদের বল স্কিড করে বেশি কার্যকর হতে পারে। হয়তো সেই ভাবনা থেকেই চার পেসার দলে রাখা হয়েছে, যাদের তিনজনই দেশের দ্রুতগতির বোলার।
তবে অনেকের প্রশ্ন, চার পেসারের মধ্যে কি একজন তুলনামূলক কম গতির বোলার বা একজন পেস-বোলিং অলরাউন্ডার রাখা যেত না? ফর্মে থাকা রিপন মণ্ডল বা মোহাম্মদ সাইফউদ্দীনের কাউকে কি বিবেচনায় আনা যেত না?
খোঁজ নিয়ে জানা গেছে, রিপন মণ্ডলকে নিয়ে নির্বাচকদের মধ্যে আলোচনা হয়েছে এবং তাকে দলে নেওয়ার বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।
সবশেষ খবর অনুযায়ী, এই সিরিজেই রিপন মণ্ডলকে দেখা যেতে পারে। ভেতরের সূত্র বলছে, সামনে অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের টানা ৯টি ম্যাচ রয়েছে। তাই পেসারদের ব্যবহার নিয়ে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট খুবই সতর্ক। মোস্তাফিজুর রহমানকে তিন ম্যাচ টানা খেলানো হবে কি না, কিংবা তাসকিন আহমেদকে পুরো সিরিজে সব ম্যাচে একাদশে রাখা হবে কি না, এসব বিষয়ও ভাবা হচ্ছে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রিপন মণ্ডলকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা বেশ জোরালো।
এআরবি/আইএন