‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে স্পষ্ট বার্তা দিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার-ট্রফি জিততে হলে স্বাগতিক সমর্থকদের হতাশ করতেও তিনি প্রস্তুত।
রোববার আহমেদাবাদের পূর্ণ দর্শকসমর্থনে গমগম করা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। প্রায় এক লাখ দর্শক ভারতের পক্ষে সমর্থন দিলেও সেটিকে বড় বাধা হিসেবে দেখছেন না স্যান্টনার।
হাস্যরসের সুরে তিনি বলেন, ‘একবার ট্রফি জিততে পারলে কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই।’
গত ১১ বছরে আইসিসির সাদা বলের ক্রিকেটে পাঁচটি ফাইনাল খেললেও এখনো শিরোপা জেতা হয়নি নিউজিল্যান্ডের। এ প্রসঙ্গে স্যান্টনার বলেন, দলটি সবসময় একই মানসিকতা ধরে রাখার চেষ্টা করে।
তার ভাষায়, ‘অতীতের দলগুলোর মতোই আমাদের দলও পরিস্থিতি বা প্রতিপক্ষ দেখে ভয় পায় না। আমরা ইউনিট হিসেবে মাঠে নেমে নিজেদের কাজটাই করার চেষ্টা করি।’
তিনি স্বীকার করেন, ফাইনালে তাদের দলকে অনেকেই ফেভারিট মনে করছে না। তবে সেটিকে সমস্যা হিসেবে দেখছেন না নিউজিল্যান্ড অধিনায়ক।
‘সবাই জানে আমরা হয়তো ফেভারিট নই। কিন্তু সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যদি আমরা ছোট ছোট বিষয়গুলো ঠিকভাবে করতে পারি এবং দল হিসেবে ভালো পারফর্ম করি, তাহলে ট্রফি জেতার ভালো সুযোগ তৈরি হবে’, বলেন স্যান্টনার।
ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত—বর্তমান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী ব্যাটিং লাইনআপের দল। ভারতীয় ব্যাটারদের থামানোর কৌশল নিয়েও কথা বলেছেন তিনি।
স্যান্টনার বলেন, ‘ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে এবং পুরো ব্যাটিং লাইনআপ জুড়েই সেটা দেখা যায়। তাদের থামানোর একমাত্র উপায় হলো শুরুতেই উইকেট নেওয়া। এরপর মাঝের ওভারগুলোতে চাপ তৈরি করতে হবে। কারণ উইকেট না পেলে টি-টোয়েন্টিতে কোনো দলকে থামানো খুব কঠিন।’
বিশ্ব টুর্নামেন্টের ফাইনালে চাপ ভিন্ন মাত্রার হয় বলেও স্বীকার করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘অনেকে বলে এটা আর দশটা ম্যাচের মতোই, কিন্তু সবাই জানে বিষয়টা আসলে তেমন নয়। তবে প্রস্তুতি ও ম্যাচের দিনে যে প্রক্রিয়া অনুসরণ করি, সেটা একই রাখতে হবে।’
স্যান্টনার যোগ করেন, ‘এ ধরনের ম্যাচে কয়েকটা মুহূর্তই সবকিছু বদলে দেয়। কখনো ফিল্ডিং, কখনো বোলিং—এসব ছোট বিষয়ই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। তাই পুরো খেলায় ধারাবাহিক থাকা খুব গুরুত্বপূর্ণ। নতুন কিছু আবিষ্কার করার দরকার নেই, নিজের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করলেই হবে।’
এমএমআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের