ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

লা লিগা মেসির ফেরার অনুমোদন দেয়নি: তেবাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১২ মার্চ ২০২৬

বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজের দাবিকে উড়িয়ে দিয়েছেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জাভি বলেছিলেন, ২০২৩ সালে লিওনেল মেসি বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন।

গেল সপ্তাহান্তে এক বিস্ফোরক মন্তব্য করেন, জাভি লা ভ্যানগার্দিয়ায়। সেখানে তিনি জানিয়েছিলেন, মেসির ফেরা প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু তখনকার বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা সব বাতিল করে দেন। জাভি বলেন, লা লিগা এমনকি এই চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছিল। কারণ তখন বার্সার ফাইনান্সিয়াল ফেয়ার প্লে পরিস্থিতি খুবই সংকটময় ছিল।

কিন্তু আরেক সাক্ষাৎকারে তেবাস জানান, লা লিগা কখনো মেসির ফেরা অনুমোদন করেনি এবং জাভির বলা ফাইনান্সিয়াল অনুমোদনও ছিল না। তিনি বলেন, ‘এটি সত্য নয়। লা লিগা কোনো অনুমোদন দেয়নি, এবং লা লিগার পক্ষ হতে কখনো ‘হ্যাঁ’ বলা হয়নি।’

অন্যদিকে, লাপোর্তা নির্বাচনী বিতর্কে বলেছেন, মেসির ফেরা হয়নি কারণ সাবেক অধিনায়ক নিজেই ফিরতে চায়নি।

তেবাসের বক্তব্য পুরোপুরি বিপরীত জাভির কথার। বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে যা সামনে এলো। এই নির্বাচনে ভিক্টর ফন্টকে সমর্থন জানিয়েছিলেন জাভি যিনি লাপোর্তার প্রতিদ্বন্দ্বী।

লাপোর্তা বলেন, ‘মেসির ক্ষেত্রেও একই ঘটনা, ২০২৩ সালে আমরা তার চুক্তি নবায়ন করতে পারিনি, আর তখন তিনি আমাকে বলেছিলেন মেসি ফিরতে চায়। আমি চুক্তি হোর্হে মেসিকে পাঠিয়েছিলাম, যিনি পরে আমার বাড়িতে এসে জানিয়েছিলেন যে এখানে তার জন্য চাপ বেশি হবে।’

এছাড়াও, সাবেক প্রেসিডেন্ট জাভির ওপর সরাসরি আঘাত করেন। তিনি বলেন, ‘জাভির পিছনে কেউ আছে যে তাকে ব্যবহার করছে, আর সেটি হলো ভিক্টর ফন্ট। তিনি পরিস্থিতি জটিল করার চেষ্টা করছেন।’

আইএন