১৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরলো বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। তবে এবার আর আগের ম্যাচের ভুল করেনি পাকিস্তান। সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত ১৩ ওভারের আগেই দলকে পার করে দেন ১০০ রানের গণ্ডি।
কিছুতেই উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে ১০৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৩১ বলে টি-টোয়েন্টি মেজাজে ফিফটি করা মাজ সাদাকাতকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান বাংলাদেশ অধিনায়ক। ৪৬ বলে ৬ চার আর ৫ ছক্কায় সাদাকাত করেন ৭৫।
এরপর আরেক ওপেনার সাহিবজাদাকে তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে ডিপ থার্ডম্যানে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা (৩১)। নাহিদ রানার বলে পুল করতে গিয়ে থার্ড ম্যানে মোস্তাফিজুর রহমানকে ক্যাচ দেন শামিল হোসেন (৬)।
১৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯.৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১২২ রান।
এমএমআর