মিরাজের রানআউট নিয়ে রমিজ রাজা বাংলাদেশকে দিলেন ১০ এ ১
ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানের ব্যাটার সালমান আলি আগাকে রানআউট করার ঘটনায় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেন, এই ঘটনা খেলাধুলার চেতনার সঙ্গে যায় না এবং এজন্য বাংলাদেশকে তিনি ১০-এর মধ্যে ১ নম্বর দেবেন।
শুক্রবার ঢাকায় ম্যাচ চলাকালে একটি বিতর্কিত ঘটনার জন্ম হয়। পাকিস্তানের ব্যাটার সালমান আলি আগা নন-স্ট্রাইক প্রান্তে ক্রিজের বাইরে ছিলেন। তখন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মিরাজের করা একটি বল হালকা ঠেলে দেন, যা বোলারের দিকে চলে আসে।
সে সময় বলটি বোলারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন আলি আগা। কিন্তু তিনি তখন ক্রিজের অনেক বাইরে ছিলেন। এদিকে মিরাজ আগে বলটি কুড়িয়ে নিয়ে দ্রুত স্টাম্প ভেঙে দেন। ফলে আগা রানআউট হয়ে যান।
ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে রমিজ রাজা বলেন, বর্তমান সময়ে ক্রিকেট অনেক বদলে গেছে এবং সুযোগ পেলেই দলগুলো প্রতিপক্ষকে আঘাত করতে চায়।
তিনি বলেন, ‘আমি ভিন্ন ধারার ক্রিকেট থেকে এসেছি। আজকাল খেলাটা অন্যভাবে খেলা হয়। সুযোগ পেলেই দলগুলো প্রতিপক্ষকে শেষ করে দিতে চায়। এই ঘটনাটা খেলোয়াড়সুলভ মানসিকতার বাইরে।’
তবে তিনি এটাও স্বীকার করেন যে নিয়ম অনুযায়ী মিরাজ ভুল কিছু করেননি। রমিজ রাজা বলেন, ‘মিরাজের রানআউট করার অধিকার ছিল; কিন্তু আগার উদ্দেশ্য ছিল ভালো কিছু করা। প্রতিপক্ষের সঙ্গে এমনটা করা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘দুজন খেলোয়াড়ের উদ্দেশ্য ছিল একেবারে ভিন্ন। একজন রানআউট করতে চাইছিল, আর অন্যজন বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাইছিল। কিন্তু এই প্রতিযোগিতায় বন্ধুত্বের কোনো জায়গা নেই।’
সবশেষে তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘এই ঘটনার জন্য আমি বাংলাদেশকে ১০০-এর মধ্যে ১০ (১০ এ ১) নম্বর দেব। তারা আরও ভালো কিছু করতে পারতো।’
তবে বিতর্কের মধ্যেও ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে পাকিস্তান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১২৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে তারা।
আইএইচএস/