বাশার প্রায় চূড়ান্ত, তৃতীয় নির্বাচক কে- বেলিম, তুষার না নাইম?
সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়ে গেছে, হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হয়েই গেছেন। শুধু ঘোষণাটা বাকি। তার ডেপুটি কে হবেন, সেটাই এখন প্রশ্ন। অবশ্য ডেপুটি বলা বোধহয় ঠিক হবে না। যেহেতু দুজন নির্বাচকের প্রয়োজন- একজন প্রধান নির্বাচক, আরেকজন তো আছেনই, হাসিবুল হোসেন শান্ত।
এখন প্রশ্ন হলো, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর জায়গায় কে স্থলাভিষিক্ত হবেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক বোর্ড পরিচালক হয়ে যাওয়ায় যে একটি নির্বাচকের পদ খালি হয়েছে, সেখানে কাকে বসানো হবে- তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।
সত্যিই কি হাবিবুল বাশার সুমন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হতে যাচ্ছেন? এ প্রশ্ন এখন উঁকি দিচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে। ক্রিকেটপাড়ায় ঈদের আগেই এ প্রশ্ন জোরালো হয়ে উঠেছে।
উত্তর খুঁজতে বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় দলের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়ক কমিটি, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, বিসিবির সহসভাপতি এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট এবং জাতীয় দলের সাবেক বাঁ-হাতি স্পিনার ও বর্তমান বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক- এ চারজন ছিলেন ইন্টারভিউ বোর্ডে।
১৬ জন প্রার্থীর মধ্য থেকে ৯ জনকে সংক্ষিপ্ত তালিকায় আনার পর গত দুদিনে বিভিন্ন সময়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সাক্ষাৎকার দেওয়া প্রার্থীদের মধ্যে হাবিবুল বাশার সুমনের সঙ্গে ছিলেন তারই সহযোদ্ধা জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম, জাতীয় দলের আরেক সাবেক টপ অর্ডার ব্যাটার তুষার ইমরান এবং জুনিয়র নির্বাচকদের মধ্য থেকে আনোয়ার ও নাদিফ চৌধুরী।
এর বাইরে সদ্য প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া নাইম ইসলামও আছেন। তার নামও জোরেসোরে শোনা যাচ্ছে।
ইন্টারভিউ বোর্ডে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, সাক্ষাৎকার নেওয়া হলেও এখনো তারা মনোনয়ন চূড়ান্ত করেননি। তবে হাবিবুল বাশার সুমন সাক্ষাৎকার দেওয়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। তিনি দীর্ঘদিন মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নির্বাচক মণ্ডলীর সদস্য ছিলেন এবং জাতীয় দলের অধিনায়কও ছিলেন। তাই তার মনোনয়ন প্রায় অঘোষিতভাবেই চূড়ান্ত বলে ধরা হচ্ছে।
বাকিদের মধ্য থেকে জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান এবং নাইম ইসলামের মধ্যে যেকোনো একজনকে বেছে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
এই তিনজনের মধ্যে শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হবে- এ প্রশ্নের উত্তরে ইন্টারভিউ বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন, ‘এখনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু এ নিয়ে এখনো বসিনি। হয়তো দুই-এক দিনের মধ্যে আবার বসব। হয়তো ঈদের আগেই আমাদের মনোনয়ন চূড়ান্ত হয়ে যাবে। পরে তা বোর্ড সভায় অনুমোদনের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পাবে।’
সর্বশেষ খবর অনুযায়ী, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান এবং নাইম ইসলামের মধ্যে যে কোনো একজন হতে পারেন হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় নির্বাচক। তবে শেষ পর্যন্ত কে নির্বাচিত হবেন- তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
এ নিয়ে কয়েক ধরনের মত শোনা যাচ্ছে। একটি পক্ষের মতে, জাভেদ ওমর বেলিম সিনিয়র ক্রিকেটার এবং হাবিবুল বাশার সুমনের দীর্ঘদিনের সতীর্থ। তাই তিনি হতে পারেন দ্বিতীয় নির্বাচক। তবে তুষার ইমরানকেও পিছিয়ে রাখা যাচ্ছে না; তিনিও আছেন খুব কাছাকাছি অবস্থানে।
অন্যদিকে তাদের তুলনায় বয়সে নবীন নাইম ইসলাম দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে সুনামের সঙ্গে খেলেছেন। প্রথম শ্রেণি, একদিনের ও টি–টোয়েন্টি—সব ধরনের ক্রিকেটেই তার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে যারা জাতীয় দল কিংবা অনূর্ধ্ব–১৯ দলে খেলছেন, তাদের প্রায় সবার সঙ্গেই তিনি খেলেছেন। ফলে তাদের সম্পর্কে তার জানাশোনাও বেশ ভালো।
এ কারণে নাইম ইসলামের দিকেও বিশেষ নজর থাকতে পারে বোর্ড পরিচালক ও ইন্টারভিউ বোর্ডের সদস্যদের।
তবে শেষ পর্যন্ত এই তিনজনের মধ্য থেকে কাকে বেছে নেওয়া হবে- তা শনিবার রাত পর্যন্ত নিশ্চিত হয়নি। হয়তো আগামী দু’তিন দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
এআরবি/আইএইচএস