নিউজিল্যান্ড সিরিজেই ফিরতে পারেন সাকিব: নাজমুল আবেদীন ফাহিম
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেই জাতীয় দলে দেখা যেতে পারে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সোমবার (১৬ মার্চ) বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম। একই সাথে পিএসএলে টাইগার ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়েও বোর্ডের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
আইনি জটিলতার কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা সাকিবকে পুনরায় দেশের মাটিতে খেলার সুযোগ করে দিতে কাজ করছে বোর্ড। নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এখন যে সাকিবকে নিয়ে আইনগত যেসব কাজ পরিচালিত হচ্ছে বেশ দ্রুততার সাথে হচ্ছে। আমি যতটুকু জানি, সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যে দেখতে পারি সাকিব দেশে ফিরে এসেছে।’
তিনি আরও বলেন, ‘তারপর দলে খেলা বা কোন ফরম্যাটে খেলবে সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার থাকবে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে। বটম লাইন হচ্ছে যে টিম ফার্স্ট, দলের স্বার্থটা সবচাইতে প্রথমে আমরা দেখব।’
কিউইদের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি আশা করছি যে বাই দ্যাট টাইম (এই সময়ের মধ্যে) হয়তো ও চলে আসতে পারবে। আসলে হয়তো আমি ইতিবাচকভাবেই দেখব। ও দলে থাকলে দলে ভ্যালু অ্যাড হবে।’
নিউজিল্যান্ড সিরিজের মাঝেই চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যেখানে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানার খেলার কথা রয়েছে। তাদের অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে বিসিবির এই নীতি নির্ধারক জানান, অভিজ্ঞতার জন্য বিদেশি লিগ প্রয়োজন হলেও দেশের সিরিজ সবার আগে।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে যতটুকু ছাড় দেওয়া যায়। কারণ পিএসএল একটা ভালো কম্পিটিশন, ওখানে আমাদের ছেলেরা গেলে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে। সেদিক থেকে তারা আরও হয়তো একটু পরিণত হতে পারবে।’
এসকেডি/আইএন