‘লিঙ্গ নয়, যোগ্যতাই মূল কথা’
বিসিবির ম্যাচ রেফারিদের প্রশিক্ষণ কোর্সে এবার দেখা গেছে নতুন এক চিত্র। প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে মুগ্ধ কোর্স ইন্সট্রাক্টর সাইমন টাফেল। ঢাকার বাইরে থেকে আসা মেধাগুলো কাজে লাগিয়ে বিসিবি পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় বলে জানান তিনি।
কোর্সে নারীদের অংশগ্রহণ নিয়ে টাফেল বলেন, ‘আমি জানি না এই সেশনে নারীদের অংশ নেওয়াটা প্রথমবার কি না, কারণ আমাদের ইতিমধ্যে শুকরিয়া পারভীনের মতো একজন নারী ম্যাচ রেফারি আছেন যিনি আন্তর্জাতিকমানের। তবে যা আনন্দদায়ক তা হলো এই কোর্সে কতজন নারী প্রতিনিধিত্ব করছেন এবং কতজন রেফারি আঞ্চলিক এলাকা থেকেও এসেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতটুকু আমি দেখতে পাচ্ছি, শুধু ঢাকা নয় বরং পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দিকে মনোনিবেশ করছে।’
তবে পেশাদারত্বের জায়গায় কোনো ছাড় দিতে নারাজ এই অস্ট্রেলিয়ান। তিনি স্পষ্ট করে বলেন, ‘একটি বড় নারী প্রতিনিধিত্ব থাকা ভালো বার্তা দেয়। তবে এটি মেধার বিষয়, যৌনতা বা লিঙ্গের নয়। তারা কাজটা করতে পারে কি না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা নিয়ে টাফেল জানান, ঈদের ঠিক পরই তিনি এখানে এসেছেন। তখন রাস্তাঘাট শান্ত থাকায় যাতায়াতে সুবিধা পেয়েছেন। তবে বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি আবেগ তাকে সবচেয়ে বেশি টানে। অংশগ্রহণকারীদের নিয়ে টাফেল বলেন, ‘আমি সেশনটি খুব উপভোগ করেছি। একজন প্রশিক্ষক বা শিক্ষাবিদ হিসেবে আপনি অংশগ্রহণকারীদের এনার্জি থেকে অনুপ্রেরণা পান। এটি আমাদের জন্য খুব সহজ একটি কোর্স ছিল। কারণ তারা খুব ক্ষুধার্ত ছিল, খুব আগ্রহী, উদ্যমী এবং তারা অনেক বেশি যুক্ত ছিল।’
এসকেডি/আইএইচএস/