ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

মোস্তাফিজ ইস্যুতে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০২ এপ্রিল ২০২৬

দীর্ঘদিন পর অবশেষে মোস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুন সিং ধুমাল। বাংলাদেশের পেসারকে হঠাৎ করে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।

২০২৬ মৌসুমের আগে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া হলেও পরে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদিদের হুমকির মুখে বাদ দেওয়া হয় তাকে। এই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক সমালোচনা ও বিতর্ক তৈরি হয়।

ওই ঘটনা নিয়ে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান ধুমাল বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার তেমন কিছু জানা নেই।’

এই ঘটনা শুধু আইপিএলেই সীমাবদ্ধ থাকেনি; পরবর্তীতে নানা ঘটনার ধারাবাহিকতায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এতে আবারও আলোচনায় আসে যে, উচ্চপ্রোফাইল টুর্নামেন্টগুলোতে কখনো কখনো বাইরের প্রভাবও সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে।

এ প্রসঙ্গে ধুমাল বলেন, ‘যেভাবে ঘটনাগুলো কখনো কখনো ঘটে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। আমি মনে করি না সরকার ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় কোনো আগ্রহ বা ভূমিকা রাখে। সরকার সামগ্রিকভাবে ক্রিকেটকে সমর্থন করে।’

এদিকে কলকাতা নাইট রাইডার্স জানায়, এই সিদ্ধান্ত তাদের নিজস্ব ছিল না, বরং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশেই নেওয়া হয়েছে। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের নিয়ন্ত্রক হিসেবে বিসিসিআই/আইপিএল আমাদের মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে।’

ধুমাল আশা প্রকাশ করছেন, এমন ঘটনা আর ঘটবে না। তিনি বলেন, ‘কখনো কখনো এমন ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমি নিশ্চিত, ভবিষ্যতে এমন পরিস্থিতি আর হবে না এবং সুস্থ চিন্তাভাবনারই প্রাধান্য পাবে।’

এমএমআর