ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বড় হতে পারে আইপিএল, ৭৪ ম্যাচের বদলে ৯৪ ম্যাচের আসরের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৩ এপ্রিল ২০২৬

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের উনিশতম আসর। এবারের আসরের মাঝেই ভবিষ্যত নিয়ে ভিন্ন কিছু ভাবছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। লিগটিকে আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে।

চলমান আসরে মোট ম্যাচের সংখ্যা ৭৪। পরবর্তী আসরে তা বাড়িয়ে ৯৪ ম্যাচ করার পরিকল্পনা আইপিএল কর্তৃপক্ষের। বাড়তে পারে দলের সংখ্যাও। ভারতের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই খবরটি জানিয়েছে।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, আইপিএলের জন্য আরো বেশি দিন সময় বরাদ্দ রাখার চেষ্টা করছেন তারা। ধূমল বলেন, ‘এখন মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত সময় আছে। জুন মাস এলেই দক্ষিণ ভারতে বর্ষা চলে আসে। তাই পরে সময় বাড়ানোর সুযোগ কম। তাই আমাদের ভাবতে হচ্ছে।’

আপাতত ২০২৭ সাল পর্যন্ত আইপিএল বড় হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, ‘৭৪ ম্যাচ বাড়িয়ে ৯৪ ম্যাচ করতে হলে আমাদের আরও ডবল-হেডার (দিনে দু’টি করে ম্যাচ) বাড়াতে হবে। এতে করে জটিলতায় পড়তে পারে সম্প্রচারকারীরা। তাদের কথাও ভাবতে হবে। তাই এবারও আমরা ৭৪ ম্যাচই রেখেছি।’

আইপিএলের ম্যাচ বাড়লে প্রভাব পড়তে পারে দ্বিপাক্ষিক সিরিজ়ে। তিনি বলেন, ‘২০২৭ সাল থেকে নতুন পর্যায় শুরু হলে আমরা বুঝতে পারব কতগুলো দ্বিপাক্ষিক সিরিজ় কমাতে পারবো। তাহলে কিছুটা জায়গা পাওয়া যাবে। এখনই দলের সংখ্যা বাড়ানো হচ্ছে না। তবে দলের সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে। এখন সব দল সব দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলে না। প্রতিটা দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেললেই ম্যাচের সংখ্যা বাড়বে।’

২০২৭ সাল পর্যন্ত সূচি প্রস্তুত করে রেখেছে আইসিসি। পরবর্তী সূচি তৈরির আগে আইসিসির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ধুমাল। আইপিএলের চেয়ারম্যান বলেন, ‘আমরা আলোচনা করবো। কারণ, আইপিএলের প্রভাব শুধু ভারতীয় ক্রিকেটে নয়, গোটা বিশ্বের ক্রিকেটে পড়ছে। ক্রিকেটের ছবিটাই বদলে গিয়েছে। তাই এই লিগ আরও বড় করার প্রয়োজন পড়েছে। আমরা সেই বিষয়েই ভাবছি।’

আইএন