‘সবকিছু প্রস্তুত, তবে ক্লাব খেলতে না চাইলে বোর্ডের কিছু করার নেই’
ক্লাব ও বোর্ডের মুখোমুখি অবস্থানে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্রিকেটাররা এর মধ্যে ক্ষোভ প্রকাশ করা শুরু করেছেন। ক্লাবগুলো এই বোর্ডের অধীনে লিগ খেলতে চায় না। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, লিগ নিয়ে তৈরি হওয়া সংকটে বিসিবির কিছু করার নেই।
গতকাল এক অনুষ্ঠানে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আশরাফুল বলেন, ‘অবশ্যই খারাপ লাগছে যে এখানে কিন্তু বোর্ডের কোনো হাত নেই। বোর্ড সবকিছু প্রস্তুত করে রেখেছে- তারা মাঠ প্রস্তুত রেখেছে, আম্পায়ার প্রস্তুত রেখেছে, বল প্রস্তুত রেখেছে, সবকিছুই ঠিক আছে; কিন্তু ক্লাব যদি না খেলতে চায় ওখানে বোর্ডের কিছু করার থাকে না।’
ক্লাবগুলোর ওপর নির্ভরতা কমিয়ে সারা বছর খেলা সচল রাখতে নতুন এক প্রস্তাব দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ডের যে আটটা বিভাগ আছে, তাদের নিয়ে যদি চার দিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং ২০ ওভারের ম্যাচ- এই ফরম্যাটগুলো চালু করে, তাহরে তাদের অধীনে সবকিছু হবে। তাদের অধীনে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৩ থেকে ১৬, এইভাবে যদি আপনি করতে পারেন, তখন কিন্তু ক্লাব যদি না খেলতে চায়, তবুও অন্তত খেলোয়াড়রা খেলার মাঠে থাকবে।’
তিনি আরও বলেন, ‘শুধু ক্লাবগুলো এসে দল গঠন করবে, ওই দেড় মাস খেলবে- তা না হয়ে যেন ১২ মাস খেলার পদ্ধতি থাকে, যেটা অন্য দেশগুলোতে হয়, সেভাবে চালু করতে হবে।’
বিসিবির বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে আশরাফুল সবাইকে ধৈর্য্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, ‘সবকিছু মাত্র শুরু হয়েছে, আপনাকে সময় দিতে হবে। নতুন বোর্ডকেও আপনার সময় দিতে হবে। উনারা এসেছেন মাত্র চার-পাঁচ মাস হয়েছে। একটার পর একটা ঝামেলা যাচ্ছে। আমার মনে হয় যে সবাইকে সময় দিতে হবে এবং সবার সৎ চিন্তা থাকতে হবে।’
এসকেডি/আইএইচএস/