ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

এবার বিসিবি ছাড়লেন শানিয়ান তানিম

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে আরও একজন পরিচালক পদত্যাগ করেছেন। এবার পদত্যাগের মিছিলে নাম লেখালেন শানিয়ান তানিম। শনিবার রাত সাড়ে ১০টার পর পদত্যাগপত্র জমা দেন তিনি। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। বিসিবিতে ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তানিম।

শনিবার এ নিয়ে দুইজন বোর্ড পরিচালক পদত্যাগ করলেন। আর সবমিলিয়ে বর্তমান বোর্ডে পদত্যাগ করা পরিচালকের সংখ্যা দাঁড়ালো পাঁচে।

এর আগে শনিনার বোর্ড সভার মধ্যে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে যান ফায়েজুর রহমান মিতু। তিনি বিসিবির ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান ছিলেন। এরও আগে আমজাদ হোসেব, ইয়াসির ফয়সাল ও ইশতিয়াক সাদেক ইস্তফা দিয়েছেন। প্রত্যেকেই পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

বোর্ডে এত পদত্যাগ হলেও বোর্ড সভায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি। শনিবার সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদুল কামাল বাবু বলেন, ‘এটা নিয়ে নতুন করে আলোচনা হয়নি। যারা পদত্যাগ করেছে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। আজ যিনি করেছেন তিনি বোর্ড মিটিংয়েও ছিলেন আমাদের সাথে। আমরা আসলে নিউজের মাধ্যমেই জেনেছি পদত্যাগের কথা। যে ৪ জন রিজাইন করেছেন তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন এই বোর্ডের জন্য ও ক্রিকেটের জন্য।’

এসকেডি/এমকেআর