ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

কাদের নিয়ে কাজ করবেন স্পিন কোচ মোহাম্মদ রফিক!

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

সর্বশেষ বোর্ড সভায় সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই স্পিনার। বিসিবির অধীনে এইচপি, বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দলের ক্যাম্পেও কাজ করতে পারেন রফিক। সোমবার রফিকের কাজের বিস্তৃতি সম্পর্কে অবগত করেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

সোমবার মিরপুরে সাংবাদিকের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ‘রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই। এই ব্যাপারটা আসলে সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।’

তিনি আরও বলেন, ‘ওনার (মোহাম্মদ রফিক) অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেন্টর হিসেবে উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। ন্যাশনাল টিম হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে এমনকি বাংলাদেশ টাইগার্সও হতে পারে।’

এর আগে রফিককে নিয়োগ দেওয়ার ব্যাখায় ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, ‘আমরা যদি হিসাব করি আমাদের ৮-১০ জন পেস বোলিং কোচ আছে; কিন্তু আমরা যদি পেছনে ফিরে তাকাই তিনজন স্পিন কোচও হয়তো খুঁজে পাবো না। ওই জায়গাটা খুবই উদ্বেগের। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় রেডিমেট একজন যে এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আরও দু-চারজনকে ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারব, আমরা তাদের তৈরি করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন বিকেন্দ্রীকরণের দিকে যাচ্ছি তখন আমরা বুঝতে পারছি আমাদের যথেষ্ট বিশেষজ্ঞ লোকবল নেই। ওটাকে মাথায় রেখেই মোহাম্মদ রফিককে নিয়োগ দেওয়া।’

এসকেডি/আইএইচএস/