পিএসএল
মার খেয়েই যাচ্ছেন রিশাদ, এবার দিলেন ৩ ওভারে ৪৬
জাতীয় দলের অন্যতম ভরসার নাম এখন রিশাদ হোসেন। নিয়মিতই পারফর্ম করেন লাল-সবুজের জার্সি গায়ে। তবে এখন একেবারেই নিষ্প্রভ পাকিস্তান সুপার (পিএসএল) লিগে রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নেমে। মুলতা সুলতানসের বিপক্ষে ৩ ওভার খরচ করেছেন ৪৬ রান।
জাতীয় দলের বাইরে দেশে কিংবা বিদেশের ঘরোয়া লিগে সবচেয়ে খরুচে বোলিং ফিগার গতকাল সোমবারই করেছেন তিনি।
রান যেমন দিয়েছেন, তেমনিভাবে ছিলেন উইকেটশূন্যও। গতবছর পিএসএলেই ঘরোয়া স্বীকৃত টি-টোয়েন্টিতে রিশাদ সর্বোচ্চ ৪৫ রান দিয়েছিলেন। সেবারও প্রতিপক্ষ মুলতান থাকলেও তিনি সেই আসরে খেলেছিলেন লাহোর কালান্দার্সের জার্সিতে। সেই ম্যাচে পুরো ৪ ওভার বোলিং করেছিলেন রিশাদ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরচেয়ে বেশি রান দেওয়ার বাজে অভিজ্ঞতা আছে রিশাদের তিনবার। সেই তিনবারের দুবারই লাহোরেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান। গত বছর পাকিসান সফরে দু দিনের ব্যবধানে ৪ ওভারে ৫৫ ও ৫০ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছিলেন।
এর ঠিক আগের বছর ২০২৪ সালের অক্টোবরে দিল্লিতে ভারতে বিপক্ষে ৩ উইকেট নিলেও ৪ ওভারে ৫৫ রান খরচ করেন রিশাদ। একই সফরেই হায়দরাবাদে ২ ওভারেই ৪৬ রান দেওয়ার পর আর বোলিংয়ে আনা হয়নি তাকে।
গতকাল পিএসএলে রিশাদের দল রাওয়ালপিন্ডি ৬ উইকেটে ১৮২ রান করেও মুলতানের কাছে হেরেছে ৭ উইকেট। রিশাদ নিজের দ্বিতীয় ওভারে বেধড়ক পিটুনি খেয়ে রান দিয়েছেন ২৬, হজম করেছেন ৪টি ছক্কা। রাওয়ালপিন্ডি এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই হেরেছেন।
আইএন