বুমরাহকেও ছাড় দিলেন না সূর্যবংশি
কিছুতেই থামানো যাচ্ছে না বৈভব সূর্যবংশিকে। একের পর এক বোলারকে পিটিয়ে তুলোধুনো করেই যাচ্ছেন তিনি। তার মার থেকে রেহাই পাননি বিশ্ব ক্রিকেটের সকল ব্যাটারদের ত্রাস জাসপ্রিত বুমরাহও। তাকে সূর্য স্বাগত জানান ছক্কা হাঁকিয়ে।
গতকাল মঙ্গলবার রাজস্থান ও মুম্বাইয়ের ম্যাচের মূল আকর্ষণের জায়গাই ছিল ১৫ বছর বয়সী সূর্যবংশি কীভাবে সামাল দেন বুমরাহকে। সব বোলারদের তো পেটাচ্ছেন, বুমরাহকে কি পারবেন? এই প্রশ্নটা বেশ ছিল সবার মাঝে। আত্মবিশ্বাসী সূর্যবংশি যা দেখালেন তাতে সবাই অবাক না হয়ে উপায় নেই। জাসপ্রিত বুমরাহর প্রথম তিন বলে ২ ছক্কা।
বুমরাহকে মেরে শুরু করলেও ইনিংসটা বড় হয়নি। বৃষ্টির কারণে ১১ ওভারের ম্যাচে খেলেছেন ১৪ বলে ৩৯ রানের ইনিংস। ১টি চার ও ৫টি ছক্কায় করেন এই রান। স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭।
বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই টি-টোয়েন্টি লিগে সর্বাধিক রানের রেকর্ড এখন সূর্যবংশির। আইপিএল ক্যারিয়ারে ১০ ইনিংসে ৩৭.৪০ গড়ে তার মোট রান ৩৭৪, স্ট্রাইক রেট ২১৮.৪১। রয়েছে ১টি সেঞ্চুরি, ২টি ফিফটি এবং ৩৫টি ছক্কা।
আইপিএলের ইতিহাসে অন্তত ২০ বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে সূর্যবংশির ছক্কা মারার হার সবচেয়ে বেশি। এবারের এসরে ৩ ম্যাচে এখন পর্যন্ত সূর্যবংশি রান করেছেন ১২২। স্ট্রাইক রেট ২৪৯, গড় ৪০.৬৬।
আইএন