পিএসএল
বল হাতে ব্যর্থ শরিফুল-নাহিদ রানা, তবু জিতলো দল
পেশোয়ার জালমির দুই খরুচে বোলার ছিলেন তারাই। পাননি উইকেটও। তারপরও শরিফুল ইসলাম আর নাহিদ রানা হাসিমুখে মাঠ ছেড়েছেন। করাচিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে যে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে তাদের দল পেশোয়ার।
টস হেরে প্রথমে ব্যাট করে ইফতিখার আহমেদ আর সুফিয়ান মুকিমের তোপে ১৮.২ ওভারে ১৪৫ রানেই অলআউট হয় হায়দরাবাদ। এক কুশল পেরেরা (৩৫ বলে ৫৮) ছাড়া বলার মতো কিছু করতে পারেননি আর কেউ।
ইফতিখার আহমেদ ২১ রানে আর সুফিয়ান মুকিম ৩২ রানের বিনিময়ে শিকার করেন ৪টি করে উইকেট। বাংলাদেশের শরিফুল ইসলাম ২ ওভারে ২১ আর নাহিদ রানা ৩ ওভারে ৩০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।
জবাবে শেষ ওভারে ১৪ রান দরকার ছিল পেশোয়ারের। চাপেই পড়েছিল তারা। কিন্তু ইফতিখার আহমেদ দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ ওভারে প্রথম বলে চার আর চতুর্থ বলে ছক্কা হাঁকান তিনি। অপরাজিত থাকেন ১০ বলে ১৫ রানে।
এছাড়া বাবর আজম ৩৭ বলে ৪৩, মাইকেল ব্রেসওয়েল ১৯ বলে ২৫ আর কুশল মেন্ডিস করেন ২৩ বলে ২৭ রান।
এমএমআর