টি-২০র এক ইনিংসেই ৯ উইকেট! ইতিহাসের পাতায় ব্রাজিল ক্রিকেটার
এক টি-টোয়েন্টি ম্যাচেই ৯ উইকেট! এমনটাও সম্ভব? তাও ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিলের কোনো ক্রিকেটারের ক্ষেত্রে!
অবিশ্বাস্য মনে হলেও, এমন কাণ্ডই ঘটিয়েছেন ব্রাজিলের নারী ক্রিকেটার, তরুণ অলরাউন্ডার লরা কারদোসো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রিকেটে রীতিমত ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান এই নারী ক্রিকেটার। মাত্র ২১ বছর বয়সে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে ৯ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন- যা পুরুষ ও নারী উভয় ক্রিকেট মিলিয়েই প্রথম কোনো ঘটনা।
বোতসোয়ানায় অনুষ্ঠিত কালাহারি নারী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে লেসোথো নারী দলের বিপক্ষে বিপক্ষে এ অবিশ্বাস্য কীর্তি গড়েন কারদোসো। তার বোলিং ফিগার ছিল ৩ ওভারে ২ মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট (৩-২-৪-৯), যার মধ্যে ছিল একটি হ্যাটট্রিকও।
এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ভুটানের স্পিনার সোনাম ইয়েসেই-এর দখলে, যিনি গত বছর (২০২৫) মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন। নারী ক্রিকেটে সেরা রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার, যিনি ২০২৪ সালের এপ্রিলে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়ে ৭ উইকেট শিকার করেন। সেই দুই রেকর্ডই ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন ব্রাজিলের কারদোসো।
ম্যাচে প্রথমে ব্যাট করে ব্রাজিল নারী ক্রিকেট দল স্কোরবোর্ডে তোলে ৮ উইকেটে ২০২ রান। যদিও ব্যাট হাতে কারদোসোর অবদান ছিল সামান্য- তিনি দ্বিতীয় বলেই আউট হন মাত্র ৪ রান করে। তবে বল হাতে নেমে তিনি লিখে ফেলেন ইতিহাস।
লক্ষ্য তাড়া করতে নেমে লেসোথো শুরু থেকেই চাপে পড়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসে কারদোসো তার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন। এরপর চতুর্থ ওভারে মাত্র পাঁচ বলের মধ্যে আরও চারটি উইকেট তুলে নেন। ষষ্ঠ ওভারে যোগ করেন আরও দুটি উইকেট। একাই প্রতিপক্ষকে ধ্বংস করে দেন এই তরুণ অলরাউন্ডার।
এক পর্যায়ে লেসোথোর স্কোর দাঁড়ায় ১৩ রানে ৯ উইকেট, তখন মনে হচ্ছিল টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো সব ১০ উইকেটই হয়তো তুলে নেবেন কারদোসো। কিন্তু পরের ওভারে এসে ব্রাজিলের আরেক বোলার Marianne Artur শেষ উইকেটটি নেন, ফলে ১০ উইকেটের অনন্য কীর্তি থেকে অল্পের জন্য বঞ্চিত হন তিনি।
শেষ পর্যন্ত লেসোথো অলআউট হয় মাত্র ১৩ রানে, যা নারী টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তম সর্বনিম্ন স্কোর। ব্রাজিল জয় পায় ১৮৯ রানের বিশাল ব্যবধানে- যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়।
এ জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য আরও জোরালো করেছে ব্রাজিল। এখন পর্যন্ত গ্রুপপর্বে খেলা পাঁচটি ম্যাচের সবগুলোতেই জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং একমাত্র অপরাজিত দল হিসেবে এগিয়ে আছে।
সব মিলিয়ে, লরা কারদোসোর এই রেকর্ড গড়া পারফরম্যান্স শুধু ব্রাজিল ক্রিকেট নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।
আইএইচএস/