যেসব মাঠে হতে পারে এবারের ডিপিএল
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজনের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটারের জন্য এই টুর্নামেন্ট বড় আয়ের উৎস হলেও এবার দীর্ঘদিন ধরেই লিগ আয়োজন নিয়ে ছিল নানা জটিলতা। বিসিবির সবশেষ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে লিগ বয়কট করে আসছিল ঢাকার ৩৯টি ক্লাব।
ফলে লিগ আদৌ অনুষ্ঠিত হবে কি না—এ নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন। তবে নির্বাচনে অনিয়মের কারণেই জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই প্রিমিয়ার লিগ আয়োজনের উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। সেই আলোচনায় অংশ নেয় প্রায় সব ক্লাব এবং লিগে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানায় তারা। বৈঠকে দলবদল ও টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় নিয়েও আলোচনা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতি মাসেই দলবদল অনুষ্ঠিত হতে পারে এবং মে মাসের শুরুতেই মাঠে গড়াতে পারে এবারের ঢাকা লিগ।
একই সঙ্গে ভেন্যু নিয়েও নতুন পরিকল্পনা সামনে এসেছে। প্রতিদিন ছয়টি ম্যাচ আয়োজনের চিন্তা থেকে ছয়টি মাঠ ব্যবহারের প্রস্তাব আলোচনা হয়েছে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে বিকেএসপির দুটি মাঠ, পিকেএসপি, বসুন্ধরার রাইডার্স এরেনা, ক্রিকেটার্স একাডেমি এবং সিলিকন ভ্যালি গ্রাউন্ড।
মাঠগুলোর প্রস্তুতি ও প্রয়োজনীয় সুযোগ–সুবিধা যাচাই করে শেষ পর্যন্ত কোন ভেন্যুগুলো ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসকেডি/এমএমআর