ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘সাকিব ইস্যুতে স্ট্যান্ডবাজি হয়েছে বেশি, কাজ কম’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬

নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে না চাওয়ায় গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। যেদিন এটি নিশ্চিত হয় সেদিন রাতেই বোর্ড সভা শেষে বিসিবির পক্ষ থেকে আচমকাই বলা হয়, সাকিব আল হাসানকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

এরপর বিসিবির একাধিক পরিচালক সাকিবকে নিয়ে নানা ইতিবাচক কথা বললেও শেষ পর্যন্ত কিছুই হয়নি। এবার কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বললেন, ‘সাকিব আল হাসানকে ঘিরে কাজের চেয়ে বেশি স্ট্যান্ডবাজি হয়েছে এবং অনেকেই তার নাম ব্যবহার করে শুধু আলোচনাই তৈরি করেছেন।’

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, ‘এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। আসলে সাকিব ভাইয়ের বিষয়ে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে। যেটা আমি পার্সোনালি মনে করি যে সবাই উনার নামটা নিউজের জন্য ব্যবহার করেছে।’

মিঠুন আরও বলেন, ‘আমি মনে করি এই জিনিসগুলো না করে আসল জায়গায় উনার জন্য যদি কেউ কিছু করতে পারে, সরকারের সঙ্গে আলাপ করে প্রপার ওয়েতে উনার যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সমাধান করে উনি যেন বাংলাদেশে আসতে পারে- এই বিষয়গুলো নিয়ে কাজ করাটা ভালো হবে।’

সাকিবের দেশে ফেরার জন্য সরকারের নমনীয়তা প্রয়োজন বলে বিশ্বাস করেন মিঠুন। তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের দেশে ফেরা সম্ভব, আমি অবশ্যই বিশ্বাস করি। তবে এখানে সরকারের কিছু নমনীয়তা প্রয়োজন। তার যেসব মামলা বা বিষয় আছে, সেগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আগে কাজ করতে হবে। ক্রিকেটের দিক থেকে তার সক্ষমতা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। তিনি যদি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে পারেন, তাহলে বাংলাদেশের প্রতিটি দর্শক ও মানুষই খুশি হবে।’

এসকেডি/আইএইচএস/